নারায়ণগঞ্জে মাদককারবারির সঙ্গে পুলিশের গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জে মাদককারবারির সঙ্গে পুলিশের গোলাগুলি, একজন গুলিবিদ্ধ
গ্রেপ্তাকৃত গুলিবিদ্ধ জসিম ও মোহন। ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদককারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জসিম (২৪) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকেসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার বেলা সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার তোলারাম কলেজ সংলগ্ন আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লা থানার ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে জসিম (২৪) ও আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।

পুলিশ জানায়, ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় ফতুল্লা থানা পুলিশের একটি দল। অভিযানের সময় জসিম ও মোহনসহ কয়েকজনকে আটক করার চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে পুলিশের সদস্যদের লক্ষ্য করে পিস্তল থেকে গুলি ছোড়া হয় বলে দাবি পুলিশের। পরে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার নিজেদের নিরাপত্তার জন্য পাল্টা গুলি চালান।

পুলিশের ভাষ্য, দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে জসিমের উরুতে গুলি লাগে। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। একই সময় মোহনকেও গ্রেপ্তার করে পুলিশ। তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ঘটনাটি সম্পর্কে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে অস্ত্র ও মাদক উদ্ধারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...