তীব্র ভ্যাপসা গরম আর কতদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

তীব্র ভ্যাপসা গরম আর কতদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

কয়েক দিনের টানা বৃষ্টির পর গত দুই-তিনদিনে এলাকাভেদে তাপমাত্রা বেড়ে গেছে ২ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস। বৃষ্টিপাতের প্রবণতা কমে এবং বাতাসে আর্দ্রতার আধিক্যে সারাদেশে তীব্র ভ্যাপসা গরম বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক দিকে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের লোডশেডিং অন্যদিকে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

শনিবারও আগের দিনের মতো দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিহীন থাকায় কোথাও কোথাও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। এর সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২-৩ ডিগ্রি বেশি গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া দপ্তর বলছে, এ অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল কিংবা সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপ বেশি হলে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে। তাতে ২৪ থেকে ২৫ আগস্ট দুইদিন উপকূলীয় এলাকায় বৃষ্টি ঝরাতে পারে। তবে সেটা পরিমাণে খুব বেশি নয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগের কয়েকদিনের তুলনায় শনিবারও সারাদেশে তাপমাত্রা বেড়েছে। তাতে চুয়াডাঙ্গা ও নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং রাজধানীতে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়; যা আগের দুইদিনের তুলনায় উভয় তাপমাত্রা বেড়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, বৃষ্টিপাতের প্রবণতা কমে সারাদেশের তাপমাত্রা এখন উর্ধ্বমুখি; সেইসাথে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দেশজুড়ে তাপমাত্রার চেয়ে বেশি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকতে পারে। তবে আগামী সোমবারের মধ্যে নতুন লঘুচাপ হলে তাতে ২৪ থেকে ২৫ আগস্ট দুইদিন উপকূলীয় এলাকায় বৃষ্টি ঝরাতে পারে। ওই সময় ওইসব এলাকায় তাপমাত্রা কিছুটা কমে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে বৃষ্টি হলেও খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই; ফলে ভ্যাপসা গরমের দাপট অব্যাহত থাকতে পারে। আজ শনিবার চট্টগ্রাম ও খুলনার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা পরিমাণে খুব কম।

এর আগে গত শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৬৬ মিলিমিটার এবং নীলফামারীর ডিমলায় ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তবে দেশের অধিকাংশ এলাকা বৃষ্টিহীন এবং কোথাও কোথাও বৃষ্টি ছিল সামান্য। ওইদিন বগুড়ায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত হয়েছে ৬ মিলিমিটার।

তবে সামগ্রিকভাবে আগামী দুই দিনে দেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টির প্রবণতা থাকলেও আগের মতো ব্যাপক বা ভারী বৃষ্টির সম্ভাবনা কম। ফলে বৃষ্টির বিরতির সময় দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।

এর আগে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী দুই-তিনদিন উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকবে, তবে আগের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সারাদেশে বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বাড়ার পাশাপাশি ভ্যাপসা গরম আরও অনুভূত হতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া সংশ্লিষ্ট পূর্বাভাসে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ বা ২৭ আগস্টের দিকে এ ধরনের একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এখনই এর গতিপথ, শক্তি বা বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাসেও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের কাছে নতুন লঘুচাপ তৈরির সম্ভাবনার কথা বলা হয়েছে। বৃষ্টির পরিমাণ কমলেও বাতাসে জলীয়বাষ্প বা আর্দ্রতার আধিক্য থাকায় মানুষের শরীরে গরমের অনুভূতি বেশি হচ্ছে। ঢাকার ক্ষেত্রেও আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এবং মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালে বৃষ্টির মধ্যে এমন সাময়িক বিরতি স্বাভাবিক। তবে বঙ্গোপসাগরে নতুন কোনো লঘুচাপ সৃষ্টি হলে পরিস্থিতি দ্রুত বদলে গিয়ে দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন