আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পবিত্র লাইলাতুল কদর আজ

স্টাফ রিপোর্টার

পবিত্র লাইলাতুল কদর আজ

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। সন্ধ্যা থেকে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হবে পবিত্র রমজান মাসের মহিমান্বিত এ রজনি। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী, হাজার মাসের চেয়ে উত্তম শবেকদরের রাত। আজ সূর্যাস্তের পর থেকে আগামীকাল ফজরের আগ পর্যন্ত এ রাতের তাৎপর্য বহাল থাকবে।

এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের অধিকাংশ মসজিদে আলোচনা, মিলাদ, নফল ইবাদত, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সোমবার (আজ) রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বয়ান করবেন সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

পবিত্র শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, অন্যান্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবেকদরের এ রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়।

হাদিস শরিফের বর্ণনা অনুযায়ী, রমজানের শেষ দশকে যেকোনো বিজোড় রাত কদর হতে পারে। তবে ২৬ রমজানের রাতেই লাইলাতুল কদর আসে বলে অধিকাংশ আলেমের অভিমত।

বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব অর্জনের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর মহিমান্বিত ও বরকতময় এক রাত। পবিত্র কোরআনুল করিম রমজানের এ রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তায়ালা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

তিনি বলেন, এ রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলি জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন