মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রিয়াদের আকাশে হুতি বিদ্রোহীদের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের ঘটনায় সৃষ্টি হয়েছিল চরম নিরাপত্তাহীনতা। বিকট বিস্ফোরণের শব্দ ও নিরাপত্তা বাহিনীর সতর্কবার্তার কারণে রিয়াদের আল-আওয়াল পার্কে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর। তবে মাঠের বাইরের এই উত্তেজনাকর পরিস্থিতির কোনো প্রভাবই পড়তে দেননি আল নাসর অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে নেমে দলকে পথ দেখিয়েছেন দারুণ এক জয়ে।
উজবেকিস্তানের ক্লাব নেফচি ফেরগানাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সৌদি ক্লাব আল নাসর।
ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলা আল নাসর প্রথমার্ধের ৩০ মিনিটে এগিয়ে যায় অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের চমৎকার গোলে। এরপর বিরতির ঠিক আগে, ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে নিজের ৯৮১ গোল পূর্ণ করলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর এটি তার ১৩৪তম গোল।
বিরতির পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করে উজবেক ফুটবলে ছয়বারের বিজয়ী নেফচি ফেরগানা। ৫১ মিনিটে তারা একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিলেও ৭৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসে। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হেরে ধাক্কা খাওয়া আল নাসর ও নতুন কোচ অ্যাঞ্জ পোস্তেকগ্লুর জন্য এই জয় স্বস্তির বাতাস নিয়ে এসেছে।
সংকটময় পরিস্থিতিতে রোনালদোর এমন পারফরম্যান্সের সঙ্গে তার মাঠের ভেতরের একটি অঙ্গভঙ্গিও সমর্থকদের মন কেড়েছে। জয়ের পর বেঞ্চে বসে থাকার সময় রোনালদোকে আল নাসরের জার্সিতে থাকা সৌদি আরবের জাতীয় প্রতীকের লোগোয় চুমু খেতে দেখা যায়। একই সঙ্গে গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে তিনি উঁচু করে ধরেন সৌদি আরবের স্কার্ফ। নিরাপত্তা শঙ্কার মধ্যেও এই জয়ে এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় আবার শক্ত অবস্থান তৈরি করল আল নাসর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

