কামিন্দুর সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বড় পুঁজি, পাকিস্তানের লক্ষ্য ৩২৬

কামিন্দুর সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বড় পুঁজি, পাকিস্তানের লক্ষ্য ৩২৬

শুরুতে পাকিস্তানের বোলারদের চাপে পড়েছিল শ্রীলঙ্কা। তবে মাঝের ওভারে কামিন্দু মেন্ডিস ও পাভান রত্নায়েকের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বড় সংগ্রহই গড়েছে দলটি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে ৩২৫ রান তুলেছে শ্রীলঙ্কা। জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩২৬।

বিজ্ঞাপন

টসের পর ব্যাটিংয়ে নেমে শুরুটা সতর্কভাবেই করেছিল শ্রীলঙ্কা। আভিষ্কা ফার্নান্ডো ও কামিন্দু মেন্ডিসের উদ্বোধনী জুটিতে আসে ৫০ পেরোনো রান। এরপর দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় পাকিস্তান। আভিষ্কা ৩৮ ও কুশল মেন্ডিস ৮ রান করে ফিরে যান।

তবে পাকিস্তানের সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি কামিন্দু ও পাভান রত্নায়েকে। তৃতীয় উইকেটে দুজনের ১৪৬ রানের জুটি শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। ১৩১ রানের ইনিংস খেলে তিনি যখন ফেরেন, শ্রীলঙ্কার স্কোরবোর্ডে তখন শক্ত অবস্থান তৈরি হয়ে গেছে। অন্য প্রান্তে রত্নায়েকে খেলেন ৭৭ রানের কার্যকর ইনিংস। চলতি সিরিজে এটি তাঁর চতুর্থ পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

এই জুটি ভাঙার পর পাকিস্তানের পেসাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার রান বাড়ার গতি কিছুটা কমান। ২ উইকেটে ২৫৫ রান থেকে একপর্যায়ে ৮ উইকেটে ৩০৭-এ নেমে যায় দলটি। তবে শেষ দিকে আরও কিছু রান যোগ করে ৩২৫ পর্যন্ত পৌঁছে যায় শ্রীলঙ্কা।

পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, সালমান আগা ও হারিস রউফ দুটি করে উইকেট নিয়েছেন। এখন শিরোপা জিততে হলে ব্যাট হাতে বড় পরীক্ষা দিতে হবে পাকিস্তানকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন