বাজারমূল্যের বিশ্বকাপে ইউরোপের দাপট, পিছিয়ে লাতিন পরাশক্তিরা

স্পোর্টস ডেস্ক

বাজারমূল্যের বিশ্বকাপে ইউরোপের দাপট, পিছিয়ে লাতিন পরাশক্তিরা

বিশ্বকাপের আসন্ন আসরের বল মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে নানান হিসাব-নিকাশ। তাতে উঠে এসেছে বাজারমূল্যের দিকটি। লড়াইটা হচ্ছে ইউরোপ বনাম দক্ষিণ আমেরিকার মধ্যে। সেখানে মাঠে বল গড়ানোর আগেই নিজেদের শক্তির জানান দিল ইউরোপের পরাশক্তিরা। ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলোর বাজারমূল্য বিশ্লেষণ করেছে গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সফাররুম। সে তালিকায় সবচেয়ে দামি দল হিসেবে উঠে এসেছে ফ্রান্স, আর দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন।

খেলোয়াড়দের বয়স, সাম্প্রতিক পারফরম্যান্স, ভবিষ্যৎ সম্ভাবনা, চুক্তির মেয়াদ, বাজারে চাহিদা এবং তারা কোন লিগে খেলছেন—এসব বিষয় বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে এ মূল্যায়ন। প্রায় এক দশমিক ৪৬ বিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। তাদের ঠিক পেছনেই রয়েছে স্পেন, যাদের স্কোয়াডের মোট মূল্য এক দশমিক ৪১ বিলিয়ন ইউরো। তৃতীয় স্থানে ইংল্যান্ড (এক দশমিক ৪০ বিলিয়ন ইউরো), চতুর্থ জার্মানি (এক দশমিক ১৩ বিলিয়ন ইউরো) এবং পঞ্চম পর্তুগাল (এক দশমিক শূন্য এক বিলিয়ন ইউরো)।

বিজ্ঞাপন

বিশ্বকাপের আলোচনায় বরাবরই শিরোপা প্রত্যাশী হিসেবে থাকে ব্রাজিল ও আর্জেন্টিনার নাম। তবে বাজারমূল্যের তালিকায় ইউরোপীয় দেশগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে দুই লাতিন পরাশক্তি। ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে, তাদের ২৬ সদস্যের স্কোয়াডের মোট মূল্য ৯৪১ মিলিয়ন ইউরো। আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান অষ্টম, তাদের বাজারমূল্য ৭৩৯ মিলিয়ন ইউরো।

ব্রাজিলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র, যার আনুমানিক বাজারমূল্য ১২৮ মিলিয়ন ইউরো। তবে বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড়ের তালিকায় তিনি আছেন দশম স্থানে। ব্যক্তিগত বাজারমূল্যের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামাল। কিশোর বয়সেই তার বাজারমূল্য পৌঁছেছে ২৫৪ মিলিয়ন ইউরোতে। দ্বিতীয় স্থানে নরওয়ের গোলমেশিন আর্লিং হ্যালান্ড (১৯৯ মিলিয়ন ইউরো) এবং তৃতীয় স্থানে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে (১৮০ মিলিয়ন ইউরো)।

সবচেয়ে মূল্যবান আট দল

১. ফ্রান্স : ১.৪৬ বিলিয়ন ইউরো

২. স্পেন : ১.৪১ বিলিয়ন ইউরো

৩. ইংল্যান্ড : ১.৪০ বিলিয়ন ইউরো

৪. জার্মানি : ১.১৩ বিলিয়ন ইউরো

৫. পর্তুগাল : ১.০১ বিলিয়ন ইউরো

৬. ব্রাজিল : ৯৪১ মিলিয়ন ইউরো

৭. নেদারল্যান্ডস : ৮৬৭ মিলিয়ন ইউরো

৮. আর্জেন্টিনা : ৭৩৯ মিলিয়ন ইউরো

সবচেয়ে মূল্যবান তিন ফুটবলার

১. লামিনে ইয়ামাল (স্পেন) : ২৫৪ মিলিয়ন ইউরো

২. আর্লিং হ্যালান্ড (নরওয়ে) : ১৯৯ মিলিয়ন ইউরো

৩. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) : ১৮০ মিলিয়ন ইউরো

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...