মাদুশাঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ফাইনালে শ্রীলঙ্কা

মাদুশাঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ফাইনালে শ্রীলঙ্কা

পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার গড়েছেন দিলশান মাদুশাঙ্কা। বাঁহাতি এই পেসারের ৩৪ রানে ৫ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে অল্প রানেই গুটিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এরপর সহজ লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের জয় তুলে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে লঙ্কানরা।

বিজ্ঞাপন

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১০০ রানও পেরোতে পারছিল না পাকিস্তান। একপর্যায়ে ৯২ রানে ৯ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। শেষ উইকেটে ১৮ রানের জুটিতে কোনোমতে ১১০ রান পর্যন্ত পৌঁছায় দলটি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ১৭ রান, অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি করেন ১৫।

মাদুশাঙ্কার তোপে পাকিস্তানের ব্যাটিং ধসের দিনে শ্রীলঙ্কার অন্য বোলাররাও অবদান রেখেছেন। সাহান আরাচ্চিগে নেন ২ উইকেট। আসিতা ফার্নান্দো, ইশান মালিঙ্গা ও দুনিথ ওয়েল্লালাগে পান একটি করে উইকেট।

জবাবে ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.১ ওভারেই ১১৪ রান তুলে নেয় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ৬০ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা। পবন রত্নায়েকে অপরাজিত থাকেন ২৩ রানে। আভিস্কা ফার্নান্দো করেন ১৬ রান।

তিন ম্যাচে দুটি জয় নিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এর আগে বৃহস্পতিবার নিয়ম রক্ষার ম্যাচে বিদায় নেওয়া ইংল্যান্ডের মুখোমুখি হবে লঙ্কানরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন