গাজায় চলমান নির্মমতায় প্রাণ হারানো হাজার হাজার ফিলিস্তিনি কেবল কোনো পরিসংখ্যানের সংখ্যা নন; তাদেরও ছিল নাম, পরিচয়, পরিবার ও অসংখ্য স্বপ্ন—বিশ্ববাসীকে এই ধ্রুব সত্য মনে করিয়ে দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানিয়েছেন পেপ গার্দিওলা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর স্পেন শাখা কর্তৃক প্রকাশিত এক বিশেষ ভিডিও বার্তায় ৫৫ বছর বয়সি এই খ্যাতনামা ফুটবল কোচ গাজার চরম মানবিক বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করে তিনি বলেন, নিহতরা কেবল আনুষঙ্গিক ক্ষতি নয়, বরং তারা অবোধ শিশু। যুদ্ধ ও মানুষের চরম যন্ত্রণা আড়াল করতে ব্যবহৃত ভাষাকে পরিহার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ক্ষুধায় কাতর ও পরিবারহারা শিশুদের অসহায়ত্বের কথা মনে করিয়ে দিয়ে ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচ বলেন, ফিলিস্তিনিদের জীবনের মূল্য বিশ্বের অন্য যেকোনো মানুষের সমান। তাই আজ নীরব থাকা মানে অন্যায়ের পক্ষ নেওয়া। ফিলিস্তিনের ন্যায়বিচার ও শান্তির লক্ষ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থায় আর্থিক সহায়তা অব্যাহত রেখে বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

