মেসির ‘ডাবল সেঞ্চুরি’র অপেক্ষায় বিশ্বমঞ্চ

স্পোর্টস ডেস্ক

মেসির ‘ডাবল সেঞ্চুরি’র অপেক্ষায় বিশ্বমঞ্চ

মাইলফলক যেন লিওনেল মেসির নিত্যদিনের সঙ্গী। বলতে গেলে, তার পায়ে পায়েই ঘোরে নিত্যনতুন সব রেকর্ড। আলবিসেলেস্তেদের হয়ে এবার আরো একটি অনন্য কীর্তি নিজের করে নিলেন এই ফুটবল জাদুকর। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার ৬৮ বছরের পুরোনো রেকর্ডটি ভেঙে নতুন ইতিহাস গড়েছেন এ ফুটবল জাদুকর।

গতকাল আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের সব আলো কেড়ে নেন মেসি, যখন ৭২ মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বয়স্ক গোলদাতা হিসেবে নিজের নাম লেখান।

আইসল্যান্ডের বিপক্ষে গোল করার দিন মেসির বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৭ দিন। এই গোল করার পথে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি ফরোয়ার্ড অ্যাঞ্জেল আমাদেও লাব্রুনাকে। ১৯৫৭ সালের ৭ জুলাই অধুনালুপ্ত রোকা কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ৯ দিন বয়সে গোল করে রেকর্ডটি এতদিন নিজের দখলে রেখেছিলেন লাব্রুনা।

গত ৩১ মার্চ বুয়েনস আয়ার্সে জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করার পর থেকেই এই রেকর্ডের সুবাস পাচ্ছিলেন মেসি। অবশেষে গতকাল আইসল্যান্ডের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি ধরা দিল।

জাতীয় দলের হয়ে গোল সংখ্যায় মেসির ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা সাবেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোল সংখ্যা ৫৫টি। আর শীর্ষে থাকা মেসির গোল সংখ্যা এখন ১১৭! অর্থাৎ, বাতিস্তুতার চেয়ে ৬২টি গোল বেশি নিয়ে এক অবিশ্বাস্য উচ্চতায় অবস্থান করছেন তিনি।

২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে সর্বোচ্চ ১৯৯টি ম্যাচও খেলেছেন মেসি। আসন্ন বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামলেই আকাশি-সাদা জার্সিতে ২০০তম ম্যাচের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবেন এই মহাতারকা।

লাব্রুনার গোল করার রেকর্ড ভাঙলেও, আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ডটি এখনই ভাঙা হচ্ছে না মেসির। ১৯৫৮ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ৩৯ বছর ৮ মাস ১৬ দিন বয়সে মাঠে নেমে সেই রেকর্ড গড়েছিলেন লাব্রুনা। চলতি বিশ্বকাপে মেসি ৩৯ বছরে পা রাখলেও লাব্রুনাকে ছাড়িয়ে যেতে হলে তাকে বিশ্বকাপের পরেও জাতীয় দলের খেলা চালিয়ে যেতে হবে।

তবে আসন্ন বিশ্বকাপে মেসির সামনে থাকছে আরো একটি রেকর্ডের হাতছানি। ২০১০ বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে ৩৬ বছর ৭ মাস ১৫ দিন বয়সে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার বয়োজ্যেষ্ঠ গোলদাতার রেকর্ডটি নিজের করে রেখেছিলেন মার্টিন পালের্মো। এবারের বিশ্বকাপে মেসি একটি গোল করলেই পালের্মোকে টপকে বিশ্বকাপের মঞ্চেও আর্জেন্টিনার সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ার গৌরব অর্জন করবেন।

মেসি কি পারবেন লাব্রুনার শেষ রেকর্ডটিও নিজের করে নিতে? সেই সিদ্ধান্ত মেসি ভবিষ্যতের ওপর ছেড়ে দিলেও, ফুটবল বিশ্ব আপাতত মজে আছে তার একের পর এক রেকর্ড ভাঙার মহাকাব্যে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন