বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে দাঁড়িয়ে ইংল্যান্ড। দুই ফুটবল পরাশক্তির এই মহারণের আগে নিজেদের পরিকল্পনার আভাস দিলেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তার বিশ্বাস, আর্জেন্টিনাকে হারানোর সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন হ্যারি কেইন ও জুড বেলিংহাম।
নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ইংল্যান্ডের কৌশল নিয়ে কথা বলেন টুখেল। জুড বেলিংহামের জোড়া গোলে জয় নিশ্চিত হওয়া ম্যাচের পর তিনি জানান, দলের আক্রমণভাগে আরো উন্নতির জায়গা থাকলেও কেইন ও বেলিংহামের ব্যক্তিগত সামর্থ্যের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। টুখেল বলেন, ‘যদি কোনো ফর্মুলার কথা বলেন, তাহলে সেটা খুবই সহজ। হ্যারি আর জুডকে একসঙ্গে খেলতে দিন, বাকিটা ওরাই করে দেবে।’
ইংল্যান্ডের কোচ অবশ্য এটাও স্বীকার করেছেন, শুধু দুই তারকার ওপর নির্ভর করলেই চলবে না। আক্রমণে আরো বেশি খেলোয়াড়কে কার্যকরভাবে যুক্ত করতে হবে, যাতে প্রতিপক্ষের রক্ষণভাগে নানা দিক থেকে চাপ তৈরি করা যায়। তিনি বলেন, ‘আক্রমণে আমাদের আরো ভালো হতে হবে। অন্য খেলোয়াড়দেরও ভালো অবস্থানে এনে সুযোগ তৈরি করতে হবে। তবে হ্যারি আর জুড যে পার্থক্য গড়ে দিতে পারে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা দায়িত্ব নিতে ভালোবাসে, বড় মুহূর্তে নিজেদের সেরাটা দেখায়। আমাদের জন্য ম্যাচ জিতিয়ে দিচ্ছে ওরাই, এটা সত্যিই দারুণ ব্যাপার।’
এই বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের আক্রমণের সবচেয়ে বড় ভরসা এই দুই তারকাই। দলের করা গোলগুলোর মধ্যে মাত্র একটি বাদে বাকি সবকটিতেই গোল করেছেন কিংবা সরাসরি প্রভাব রেখেছেন কেইন ও বেলিংহাম। কেবল মার্কাস রাশফোর্ড তাদের বাইরে ইংল্যান্ডের হয়ে গোলের দেখা পেয়েছেন।
সেমিফাইনালে তাদের সামনে থাকবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। তবে সেই ম্যাচে আর্জেন্টিনাকে দীর্ঘ সময় ভুগতে হয়েছে, যা নিশ্চয়ই বিশ্লেষণ করে দেখছে ইংল্যান্ডের কোচিং স্টাফ।
টুখেল জানেন, বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ ও কঠিন প্রতিপক্ষগুলোর একটি আর্জেন্টিনা। তাই মেসিদের বিপক্ষে শুধু রক্ষণ নয়, আক্রমণেও কার্যকর হতে হবে। আর সেই কারণেই তার সবচেয়ে বড় ভরসা দুই বিশ্বমানের ফুটবলার—হ্যারি কেইন ও জুড বেলিংহাম। একজন অভিজ্ঞ গোলশিকারি, অন্যজন মাঝমাঠের প্রাণভোমরা। টুখেলের বিশ্বাস, এই যুগলই ইংল্যান্ডকে ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ ফাইনালের স্বপ্নের আরো কাছে নিয়ে যেতে পারে। তবে সেই স্বপ্ন পূরণ করতে হলে আগে থামাতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

