দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পেল অস্ট্রিয়া। ১৯৯৮ সালের পর টানা পাঁচটি আসরে অনুপস্থিত থাকার পর, চলতি উত্তর আমেরিকা বিশ্বকাপে ফিরেই শুভসূচনা করল দলটি। নিজেদের প্রথম ম্যাচে নবাগত জর্ডানকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে অস্ট্রিয়ানরা।
ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নেমে ২১তম মিনিটেই লিড নেয় অস্ট্রিয়া। রোমানো শ্মিডের চমৎকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া জর্ডান। আক্রমণাত্মক ফুটবল খেলে ৫০তম মিনিটে আলি ওলওয়ানের গোলে সমতায় ফেরে দলটি।
ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ ১৫ মিনিটে। ৭৬তম মিনিটে দুর্ভাগ্যজনক এক আত্মঘাতী গোল করে বসে জর্ডানের রক্ষণভাগ, যা তাদের ম্যাচ থেকে ছিটকে দেয়। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে পেনাল্টি থেকে আরও একটি গোল আদায় করে অস্ট্রিয়া ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে।
লড়াকু ফুটবল খেলেও নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচটি হার দিয়ে শুরু করতে হলো জর্ডানকে। গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে অস্ট্রিয়ার প্রতিপক্ষ শক্তিশালী আর্জেন্টিনা, আর জর্ডান মুখোমুখি হবে আলজেরিয়ার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

