বিশ্বকাপের মঞ্চে শেষ ৩২-এর লড়াইয়ে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে আলজেরিয়া। আর এই হারের সঙ্গেই অবসান ঘটল একটি সোনালি অধ্যায়ের। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আলজেরিয়ার অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের জার্সি গায়ে আর কখনোই মাঠে নামবেন না। ১১৯ ম্যাচে ৪০ গোল নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আলজেরিয়ান ফুটবলের এই পোস্টার বয়।
ভ্যাঙ্কুভারে নকআউট পর্বের এই ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে যায় আলজেরিয়া। সুইজারল্যান্ডের হয়ে গোল দুটি করেন ব্রিল এম্বোলো ও ড্যান এন্ডোয়ে।
চলতি বিশ্বকাপে আলজেরিয়ার যাত্রাটা মোটেও সহজ ছিল না- ‘জে’ গ্রুপে প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে বড় হারে শুরু হয় মিশন। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জর্ডানকে ২-১ গোলে পরাস্ত করে। তৃতীয় ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে ৩-৩ গোলের নাটকীয় ড্র করে নকআউট পর্বে (শেষ ৩২) নিজেদের নাম লেখে দলটি। এবার শেষ ৩২-এর বৈতরণী আর পার হতে পারল না আফ্রিকান এই দলটি।
সৌদি প্রো লিগের ক্লাব আল আহলিতে খেলা ৩৫ বছর বয়সি এই রাইট উইঙ্গার আলজেরিয়ার ফুটবলের অন্যতম সেরা তারকা ছিলেন। দেশের হয়ে ১১৯ ম্যাচে মাঠে নেমে করেছেন ৪০টি গোল। ২০১৪ বিশ্বকাপে ফ্রান্সে জন্ম নেওয়া এই ফরোয়ার্ড মাত্র এক ম্যাচ খেলেই বাদ পড়েছিলেন। সে সময় স্কোয়াডে জায়গা পেতে কোচের সঙ্গে আর্থিক লেনদেনের এক গুরুতর অভিযোগে তোপের মুখে পড়েন। কাকতালীয়ভাবে, সেবারই প্রথম শেষ ষোলোতে উঠেছিল আলজেরিয়া।
পরবর্তী দুটি বিশ্বকাপে আলজেরিয়া কোয়ালিফাই করতে না পারায় দর্শক হয়েই থাকতে হয়েছিল তাকে। তবে এবারের আসরে ফিরে অনন্য কিছু রেকর্ড গড়েন তিনি। জর্ডানের বিপক্ষে অ্যাসিস্ট করে দেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গোলে অবদান রাখার কীর্তি গড়েন। এছাড়া অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে নিজের প্রথম বিশ্বকাপ গোলের দেখা পান এবং যোগ করা সময়ে দুর্দান্ত এক জোড়া গোল পূর্ণ করেন।
দল বিশ্বকাপ থেকে বিদায় নিলেও, আলজেরিয়ার ফুটবল ইতিহাসে রিয়াদ মাহরেজের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই বিদায় স্বাভাবিকভাবেই আলজেরিয়ান ফুটবল ভক্তদের জন্য অত্যন্ত আবেগঘন এক মুহূর্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

