ফুটবল বিশ্বে দলবদলের বাজারে সবচেয়ে বড় বোমাটি ফাটাল রিয়াল মাদ্রিদ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় এক যুগ পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড হোসে মরিনহো। দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ‘দ্য স্পেশাল ওয়ান’।
ক্লাবের সাম্প্রতিক সভাপতি নির্বাচনে ফ্লোরেন্তিনো পেরেজের পুনরায় জয়ের পর থেকেই মরিনহোর ফেরার গুঞ্জন জোরালো হয়। নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হওয়ার পরপরই পেরেজ ক্লাবের সাবেক এই সফল কোচকে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন।
মরিনহোকে মাদ্রিদে ফিরিয়ে আনতে রিয়াল মাদ্রিদকে বড় অঙ্কের রিলিজ ক্লজ গুনতে হচ্ছে। পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় লস ব্লাঙ্কোসরা ১৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করে তাকে মুক্ত করেছে। ইতোমধ্যে বেনফিকাও তাদের নতুন কোচ হিসেবে মার্কো সিলভার নাম ঘোষণা করেছে।
প্রাথমিকভাবে মরিনহোর সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি হচ্ছে তিন বছরের (দুবছর নিশ্চিত এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আরো এক বছর বৃদ্ধির সুযোগ)। গত দুই মৌসুমের ট্রফিখরা কাটানো এবং সান্তিয়াগো বার্নাব্যুতে ক্লাবের ১৬তম চ্যাম্পিয়নস লিগ ট্রফি নিয়ে আসাই এখন তাদের লক্ষ্য।
মরিনহোর পরামর্শে ইতোমধ্যেই দল গোছানোর কাজ শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। ডিফেন্স শক্তিশালী করতে লিভারপুলের ইব্রাহিমা কোনাতে এবং ইন্টার মিলানের ডেনজেল ডামফ্রিসকে দলে ভেড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
পুনঃনির্বাচিত সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মরিনহোর প্রত্যাবর্তন নিশ্চিত করে বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা কোচ এবং একজন খাঁটি মাদ্রিদিস্তা হোসে মরিনহোকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত গর্বিত। তার হাত ধরেই রিয়াল মাদ্রিদ আবার তার চেনা আগ্রাসী রূপে ফিরবে।’
খ্যাতনামা দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, চুক্তি সই এবং আনুষ্ঠানিক কাগজপত্রের কাজ সম্পন্ন করতে মরিনহো গতকাল মাদ্রিদে এসে পৌঁছেছেন। ক্লাবের পক্ষ থেকে যেকোনো মুহূর্তে জমকালো প্রেজেন্টেশনের মাধ্যমে তাকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের ডাগআউটে ছিলেন মরিনহো। সে সময়ে পেপ গার্দিওলার সর্বজয়ী বার্সেলোনাকে রুখে দিয়ে রিয়ালকে রেকর্ড ১০০ পয়েন্টের ঐতিহাসিক লা লিগা ও কোপা দেল রে জিতিয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় মেয়াদে বার্নাব্যুর হটসিটে বসে মরিনহো রিয়ালকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারেন- সেটাই এখন দেখার বিষয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

