বাবাকে নিয়ে মেসির আবেজ্ঞহন পোস্ট

‘শান্তিতে ঘুমাও বাবা, ওপর থেকে আমাদের দেখে রেখো’

‘শান্তিতে ঘুমাও বাবা, ওপর থেকে আমাদের দেখে রেখো’

বাবাকে হারানোর শোক যেন কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন আর্জেন্টাইন তারকার বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক আবেগঘন বার্তায় শৈশব থেকে ক্যারিয়ারের প্রতিটি বাঁকে তাঁর পাশে থাকা বাবাকে স্মরণ করেছেন মেসি।

বিজ্ঞাপন

জর্জ মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘বাবা, তোমার চলে যাওয়াটা এখনও বিশ্বাস করতে পারছি না। বাস্তবতাটা এখনও বুঝে উঠতে পারছি না। আসলে আমি এটা মানতে চাইছি না। তোমাকে আর দেখতে পাব না, আমাদের আর কখনো কথা হবে না, এটা কল্পনা করাও আমার জন্য খুব কঠিন। আমি জানি তুমি কষ্টে ছিলে এবং এটাই তোমার জন্য হয়তো ভালো হয়েছে, কিন্তু তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে আরও কত কিছু উপভোগ করার বাকি ছিল।’

মেসির শেষ বিশ্বকাপ খেলার পেছনেও বাবার অনুরোধ ছিল বলে জানিয়েছেন তিনি। মেসির ভাষায়, ‘তুমি আমাকে শেষ বিশ্বকাপটা খেলার জন্য কত অনুরোধ করেছিলে! আর টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক কয়েক দিন আগেই তোমার শরীর সবচেয়ে বেশি খারাপ হয়ে গেল। মা আমাকে বলছিলেন যে তুমি সুস্থ হয়ে উঠবে এবং খেলা দেখতে আসার মতো ভালো হয়ে যাবে। আমিও তোমাকে বলতাম, আমরা ফাইনালে উঠবই যাতে তুমি আসার সুযোগ পাও।’

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে বাবার বার্তার অপেক্ষায় থাকতেন মেসি। তিনি লিখেছেন, ‘আমরা ফাইনালে পৌঁছালাম, কিন্তু তুমি আসতে পারলে না। আমি কাপটা জিততে চেয়েছিলাম, যাতে তোমার কাছে নিয়ে গিয়ে নতুন একটা ট্রফি দেখাতে পারি। কিন্তু পারলাম না।’

বাবাকে হারানোর পর নিজের ভবিষ্যৎ নিয়েও সংশয়ের কথা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর ভাষায়, ‘তোমাকে ছাড়া আমি কী করব জানি না, কীভাবে সামনে এগোবো বুঝতে পারছি না। আমি তো শুধু ফুটবলটাই খেলতে জানতাম, আর এখন আমার নিজের মনেই বড় সংশয় জাগছে যে আমি আর কতদিন খেলাটা চালিয়ে যেতে পারব।’

জর্জ মেসিকে শুধু বাবা নয়, নিজের ‘সেরা বন্ধু’ ও প্রতিনিধি হিসেবেও দেখতেন মেসি। তিনি লিখেছেন, ‘তুমি একাধারে আমার বাবা, সেরা বন্ধু এবং প্রতিনিধি ছিলে। প্রতিটি মুহূর্তে যেভাবে পাশে থাকা দরকার, তুমি ঠিক সেভাবেই থাকতে—কখনো কোনো ভুল করোনি।’

শেষে বাবার প্রতি ভালোবাসা জানিয়ে মেসি লিখেছেন, ‘তোমাকে অনেক অনেক মিস করব বাবা, তবে তুমি সবসময় আমাদের মাঝে থাকবে। ... শান্তিতে ঘুমাও বাবা, আর ওপর থেকে আমাদের সেভাবেই আগলে রেখো, যেমনটা এখানে থাকতে করতে। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ।’

‘তোমাকে অনেক ভালোবাসি, বাবা।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন