এতদিন ছিলেন আল ইত্তিহাদের। শীতকালীন দলবদলের শেষ দিনে করিম বেনজেমা ক্লাব পাল্টে ফেলেছেন। নাম লিখিয়েছেন আল হিলালে। এমনটা অবশ্য হুট করেই হয়নি। অনেক দিন ধরে চলছিল আলোচনা। অবশেষে সেই আলোচনা দেখল আলোর মুখে। তার ফলেই হলো চুক্তি। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীরা এখন বেনজেমার নিজের দল। কিন্তু নতুন ক্লাবে পাড়ি জমালেও ফরাসি এই তারকা ফরোয়ার্ড পুরোনো ফর্মটা সঙ্গে বইয়ে নিয়েই এসেছেন।
নেইমার জুনিয়রের সাবেক ক্লাব আল হিলালের জার্সিতে অভিষেক রাঙিয়েছেন হ্যাটট্রিক পারফরম্যান্স উপহার দিয়ে। সঙ্গে সতীর্থের একটি গোলেও অ্যাসিস্ট করেন। বেনজেমার নতুন মিশনের শুরুতে গোল উৎসবই করেছে আল হিলাল। সৌদি প্রো লিগের ম্যাচটিতে বৃহস্পতিবার রাতে আল আখদুদকে ৬-০ গোলে ধসিয়ে দিয়েছে আল হিলাল।
নতুন ক্লাবের জার্সিতে প্রথম ম্যাচ খেললেন প্রতিপক্ষের মাঠে। প্রথম গোল করে আল হিলালকে এগিয়ে দেন ম্যাচের ৩১ মিনিটে। বক্সের ভেতর চোখ ধাঁধানো ব্যাক হিলে বল জালে জড়িয়ে দেন ৩৮ বছরের এই তারকা ফুটবলার। প্রথমার্ধের গোল বলতে ওই একটিই। বিরতির পর ম্যাচের চিত্রনাট্য পাল্টে যায়। গোলবন্যায় প্রতিপক্ষ আল আখদুদকে ভাসিয়ে দেয় আল হিলাল। লড়াইয়ের ৬০ মিনিটে খুব কাছ থেকে শট নিয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। চার মিনিট না যেতেই পূর্ণ করে ফেলেন নিজের হ্যাটট্রিক। ছয় মিনিট বাদে ব্রাজিলিয়ান ম্যালকমের গোলটিতে সহায়তা করেন বেনজেমা।
ফরাসি ফরোয়ার্ডের আরো ঝলক হয়তো দেখা যেত। কিন্তু ৭১ মিনিটে মাঠ থেকে তাকে তুলে নেন ক্লাবের ইতালিয়ান কোচ সাইমন ইনজাঘি। তবে আল হিলালের গোল উৎসব থামেনি। ৭৪ মিনিটে গোল করেন সালেম আল-দসারি। গত বছরের এএফসি বর্ষসেরা এই ফুটবলার নিজের জোড়া গোল পূর্ণ করেন ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে।
নতুন ক্লাবে দাপুটে পারফরম্যান্সে শুরু করে যারপরনাই উচ্ছ্বসিত বেনজেমা, ‘আজকের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। জিততে পেরে আমরা খুশি। ভালো খেলেছি আমরা, অনেক গোল করেছি এবং কোনো গোল হজম করিনি; কাজেই আমরা দারুণ খুশি। ক্লাবের সবাই আমাকে দারুণভাবে আলিঙ্গন করে নিয়েছেন এবং সবকিছু দিয়েছেন। তাই মাঠে নেমে আমিও সবটুকু উজাড় করে দিতে চাই।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

