অদম্য জয়ের ক্ষুধা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ : রোনালদো

অদম্য জয়ের ক্ষুধা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ : রোনালদো

বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। গত দুই দশক ধরে পেশাদার ফুটবলের মানদণ্ড নির্ধারণ করে যাচ্ছেন। বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরের একাডেমিতে গড়ে উঠছেন তার বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র। ১৬ বছর বয়সেই সবার নজর কাড়া এই উদীয়মান ফুটবলারকে নিয়ে সম্প্রতি এক দারুণ মূল্যায়ন করেছেন তার বাবা। রোনালদোর মতে, তার পুত্রের শারীরিক সামর্থ্য থাকলেও মূল চ্যালেঞ্জটি লুকিয়ে রয়েছে মানসিক তাগিদ বা খেলার প্রতি ‘ক্ষুধা’ ধরে রাখার মধ্যে।

নেটফ্লিক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো তার পুত্রের ব্যক্তিত্ব এবং শারীরিক মানসিক বিকাশ নিয়ে কথা বলেন। রোনালদো জানান, একই বয়সে তার পুত্রের শারীরিক গঠন তার নিজের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। তিনি বলেন, ‘আমি যখন ওর বয়সে ছিলাম, ওর চেয়ে ছোট ও পাতলা ছিলাম। আমার ধারণা সে শারীরিক গঠনে আমার চেয়েও বড় হবে।’ বাবার এই পর্যবেক্ষণ ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তবে পরবর্তীতে তিনি যোগ করেন, ফুটবলের চূড়ায় পৌঁছানোর সবচেয়ে কঠিন দিকটি হলো ভেতরের সেই অদম্য জয়ের ক্ষুধা বজায় রাখা।

বিজ্ঞাপন

ক্রিস্টিয়ানো জুনিয়র ইতোমধ্যে জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড এবং আল-নাসরের যুব একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। বিশ্বমানের ফুটবল পরিবেশ ও সর্বকালের সেরা ফুটবলারের সান্নিধ্য পাওয়ার পাশাপাশি তার ওপর চেপে বসেছে এক বিশাল প্রত্যাশার চাপ।

স্পোর্টিং লিসবন থেকে উঠে আসা রোনালদোর ক্যারিয়ার গড়ে উঠেছিল কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং জয়ের অদম্য মানসিকতার ওপর। ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে লিগ শিরোপা জয় এবং পাঁচটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতা রোনালদোর সাফল্যকে ছোঁয়া যেকোনো তরুণ খেলোয়াড়ের জন্যই প্রায় অসম্ভব। ফুটবল শিক্ষা, শারীরিক সক্ষমতা এবং পারিবারিক পরিচিতি থাকা সত্ত্বেও, ক্রিস্টিয়ানো জুনিয়র কতদূর যেতে পারবেন তা নির্ভর করবে বাবার মতো ফুটবলের প্রতি সেই একই একাগ্রতা ও ক্ষুধা তৈরি করতে পারেন কি না তার ওপর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন