আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লা লিগা

ইয়ামালের পেনাল্টি মিসে বার্সার দুঃস্বপ্নের হার

স্পোর্টস ডেস্ক

ইয়ামালের পেনাল্টি মিসে বার্সার দুঃস্বপ্নের হার

স্প্যানিশ লিগে পিছিয়ে পড়তে পারে বার্সেলোনা। সম্ভাব্য এ বিপদটা আঁচ করতে পেরেছিলেন ফুটবলপ্রেমীরাÑসেটা অনেক দিন ধরেই। হঠাৎ কোনো ভুলে ক্ষতির শঙ্কা করা হচ্ছিল। নাহ্! আর রক্ষা করা গেল না বার্সাকে। শেষে ক্ষতিটা হয়েই গেল বার্সেলোনার। লা লিগায় এক পয়েন্টে এগিয়ে থাকা বার্সা তালিকার শীর্ষস্থানের রাজত্বটা হাতছাড়া করল। সোমবার রাতে জিরোনার কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে কাতালান জায়ান্ট ক্লাবটি। আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার হারে দুই পয়েন্টে এগিয়ে থেকে সবার ওপরে উঠে গেল রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

চিরশত্রু বার্সাকে হটিয়ে রিয়াল সবার ওপরে উঠেছিল আগের রাতেই, রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে ধরাশায়ী করে। তবে সোমবার রাতে বার্সা জিতে গেলে আবার লিগ টেবিলের শীর্ষস্থানে ফিরতে পারত তারা। কিন্তু শুরুতে লিড নিয়েও শেষে হারের তেতো স্বাদ হজম করে মাঠ ছেড়েছে বার্সা।

এস্তাদিও মিউনিসিপ্যাল ডি মন্টিলিভিতে ম্যাচে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে ২৬টি শট নিয়েও হার এড়াতে পারেনি কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। স্প্যানিশ লিগের ম্যাচে প্রথমে এগিয়ে যাওয়ার পর ২০১৪ সালের ২১ ডিসেম্বরের পর এ প্রথম হার মানল ক্লাবটি। সেবার অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে ধরাশায়ী হয়েছিল বার্সা। জিরোনার মাঠে হারায় বার্সার পুঁজি এখন ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট। সমান ম্যাচ খেলে রিয়াল সংগ্রহ করেছে ৬০ পয়েন্ট।

নিজেদের মাঠে জিরোনা লড়াই করেছে বার্সার বিপক্ষে সমানতালে। বল দখল ও আক্রমণে অবশ্য এগিয়েছিল বার্সাই। কিন্তু মাঠের লড়াইয়ের পরীক্ষায় পড়তে হয়েছে হ্যান্সি ফ্লিকের ক্লাবকেই। দুই গোল খেয়েও গোলবারের অতন্দ্র প্রহরী জোয়ান গার্সিয়া একাই বীরদর্পে রুখে দেন শত্রুপক্ষের নিশ্চিত সাত গোল। গার্সিয়া বীরত্ব না দেখালে বার্সা হারতে পারত আরো বড় ব্যবধানে।

লামিনে ইয়ামালের পেনাল্টি মিস না হলে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরতে পারত সফরকারীরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে লক্ষ্যভেদ করতে পারেননি বার্সা তারকা। লা লিগায় চলতি মৌসুমে সাতটি পেনাল্টি পেয়েও তিনটিই মিস করেছে বার্সেলোনা। দুটি শট পোস্টের বাইরে পাঠিয়েছেন রবার্ট লেভানডোভস্কি, আর সোমবার রাতে ইয়ামালের শটটি আঘাত হেনেছে পোস্টে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...