পারস্য উপসাগরে ইরানের হেঙ্গাম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির জনসংযোগ দপ্তরের দাবি, তাদের একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে। এর পরপরই বিমানটি গতিপথ পরিবর্তন করে পিছু হটে।
আইআরজিসি জানায়, হেঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলীয় সমুদ্রসীমায় ইরানের আকাশসীমার কাছাকাছি চলে এসেছিল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানটি। এ সময় সেটি কয়েকটি জাহাজকে পাহারা দিচ্ছিল এবং সেগুলোকে আকাশপথে নিরাপত্তা দিচ্ছিল। ওই জাহাজগুলো সামুদ্রিক চলাচলসংক্রান্ত নিয়ম লঙ্ঘন করছিল বলে দাবি করেছে ইরানি বাহিনী।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ার মুখে মার্কিন যুদ্ধবিমানটি দ্রুত কৌশলগতভাবে দিক পরিবর্তন করে সেখান থেকে সরে যায়।
এদিকে হরমুজ প্রণালিতে সামুদ্রিক যান চলাচল নিয়ন্ত্রণের নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য বলে সতর্ক করেছে আইআরজিসি। এ ধরনের নিয়ম লঙ্ঘন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষ এবং তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকে গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।
আইআরজিসি আরো বলেছে, ইরানের আকাশসীমার নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। যুক্তরাষ্ট্রের বিমান বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ও নির্ণায়ক ব্যবস্থা নেওয়া হবে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


