ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠক কোনো ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে মতভেদ দেখা দেওয়ায় আয়োজক ভারত কেবল সভাপতির একটি বিবৃতি প্রকাশ করে সম্মেলন সমাপ্ত ঘোষণা করে।
তেহরান চেয়েছিল, উদীয়মান অর্থনীতির এই জোট যেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের নিন্দা জানায়। পাশাপাশি ইরান অভিযোগ করে যে, যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি জড়িত।
ব্রিকস সম্মেলনে ভারতের প্রকাশ করা বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে ভিন্নমত ছিল। কেউ দ্রুত যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক সমাধানের পক্ষে মত দিয়েছে, আবার কেউ রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার গুরুত্ব তুলে ধরেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলা, আন্তর্জাতিক জলপথে নিরাপদ বাণিজ্য নিশ্চিত করা এবং বেসামরিক মানুষের জীবন রক্ষার বিষয়ও আলোচনায় আসে।
সম্মেলনের বিবৃতিতে বলা হয়, ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীরা স্মরণ করিয়ে দিয়েছেন যে, গাজা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তারা পশ্চিম তীর ও গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে একত্রিত করার গুরুত্বের কথাও বলেছেন।
তাছাড়া, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিকেও সমর্থন জানানো হয়েছে বৈঠকে। তবে বিবৃতিতে কোনো নাম উল্লেখ না করে বলা হয়, গাজা নিয়ে একটি সদস্য দেশের আপত্তি ছিল।
২০২৬ সালের ব্রিক্সের সভাপতি দেশ হিসেবে ভারতের প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়, বিশ্বের বিভিন্ন সংকট মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সদস্যদেশগুলো।
সূত্র: রয়টার্স
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


