যুক্তরাষ্ট্রে মন্দিরে হামলার চেষ্টা ও ভারতীয়দের ওপর বর্ণবৈষম্য নিয়ে যা জানালেন জয়সোয়াল

যুক্তরাষ্ট্রে মন্দিরে হামলার চেষ্টা ও ভারতীয়দের ওপর বর্ণবৈষম্য নিয়ে যা জানালেন জয়সোয়াল

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি হিন্দু মন্দিরে বন্দুক হামলার অপচেষ্টা এবং দেশটিতে বসবাসরত ভারতীয়দের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষমূলক অপরাধ ও বর্ণবৈষম্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে দেশটির প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত পাক্ষিক মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র রণধীর জয়সোয়াল এ অবস্থান তুলে ধরেন।

বিজ্ঞাপন

ইলিনয়ের অরোরা শহরের একটি হিন্দু মন্দিরকে লক্ষ্য করে সংঘটিত বন্দুক হামলার চেষ্টা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘শিকাগোর কাছাকাছি অরোরায় বন্দুক হামলার যে অপচেষ্টা ঘটেছে, সে বিষয়ে ভারত সরকার ইতোমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি জারি করেছে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গভীর উদ্বেগের।’

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক এ ঘটনা প্রমাণ করে যুক্তরাষ্ট্রে ভারতীয় সম্প্রদায়ের বিরুদ্ধে হেট ক্রাইম (বিদ্বেষমূলক অপরাধ) ও বর্ণবাদী বৈষম্যের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

ঘটনার পরপরই মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপের কথা স্বীকার করে রণধীর জয়সোয়াল বলেন, ‘হামলার চেষ্টার পর মার্কিন প্রশাসন যে পদক্ষেপ গ্রহণ করেছে তা আমরা নজরে নিয়েছি। তবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় নাগরিকদের জানমাল, নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে আমরা মার্কিন কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।’

এর আগে মার্কিন কংগ্রেসওম্যান প্রমিলা জয়পালের মন্তব্যকে ‘অযাচিত ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ উল্লেখ করার পাশাপাশি ওই ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সম্ভাব্য ভারত সফর ও প্রবাসী ভারতীয়দের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও ভারতের উদ্বেগের বিষয়টি পরিষ্কার করেন মুখপাত্র।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন