বিমানবাহী যুদ্ধজাহাজ পেল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

বিমানবাহী যুদ্ধজাহাজ পেল ইন্দোনেশিয়ার নৌবাহিনী
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর বহরে প্রথমবারের মতো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। শুক্রবার জাহাজটিকে সামরিক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির নৌবহরে যুক্ত করে নেওয়া হয়।

উত্তর জাকার্তার তানজুং প্রিওক বন্দরে জাহাজটিকে নোঙর করে রাখা হয়েছে। জুসেপ্পে গ্যারিবল্ডি নামের এ যুদ্ধজাহাজটি এর আগে ৪১ বছর ইতালির নৌবহরে যুক্ত ছিল। জাহাজটির নতুন নাম রাখা হচ্ছে কেআরআই শ্রিবিজয়া। ইন্দোনেশিয়ার সুমাত্রাকে কেন্দ্র করে সপ্তম শতকের সামুদ্রিক সাম্রাজ্য শ্রিবিজয়ার নামে এটির নাম রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের পর ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মুহাম্মদ আলী সাংবাদিকদের জানান, ইতালি থেকে জাহাজটি কলম্বো ও মালাক্কা প্রণালি হয়ে শুক্রবার তানজুং প্রিওকে পৌঁছেছে। যুদ্ধজাহাজটি আরো ১৫ থেকে ২০ বছর ইন্দোনেশিয়ার নৌবাহিনী ব্যবহার করবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ‘দেশজুড়ে বিভিন্ন সময় নানা ধরনের দুর্যোগ দেখা যায়। তাই আমাদের এমন একটি নৌযানের প্রয়োজন যা অনেক হেলিকপ্টার বহন করতে পারবে। কেননা দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত লজিস্টিক সহায়তা পৌঁছানো সম্ভব।’

তবে প্রয়োজন হলে যুদ্ধের সময়ও এটি ব্যবহার হতে পারে বলে জানান অ্যাডমিরাল মুহাম্মদ আলী। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ১৮০ মিটার দীর্ঘ এ নৌযানটি একসঙ্গে ১৮টি হেলিকপ্টার বহন করতে পারে। এছাড়া এতে ৮৩০ ব্যক্তির পরিবহনের সুযোগ রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানিয়েছেন, ১৮ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়াজুড়ে দুর্যোগ ব্যবস্থাপনার কাজে এ নৌযানটি ব্যবহার করা হবে।

১৯৮৫ সালে এ নৌযানটি ইতালির নৌবাহিনীতে কমিশন লাভ করে। ২০১৪ সালে এটিকে অবসরে পাঠানো হয়। গত বছর জাহাজটি কেনার জন্য ইন্দোনেশিয়া প্রস্তাব দেয়। এ লক্ষ্যে ৪৫ কোটি ডলার অনুমোদন দেয় দেশটির অর্থ মন্ত্রণালয়। চলতি বছরের মার্চে জাহাজটি জাকার্তার কাছে সরবরাহে সম্মত হয় রোম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন