পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানে ভারত সমর্থিত ১১ সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এতথ্য জানিয়েছে জিও নিউজ।
দক্ষিণ ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর পাঁচ সদস্য নিহত হয় এবং তাদের আস্তানা ধ্বংস করা হয়। এ সময় বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, বেলুচিস্তানের গোরিন্দার-মাশকেল এলাকায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর বিরুদ্ধে অভিযানে একটি চেকপোস্টে হামলার পর পালানোর সময় ছয়জন নিহত হয় বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী।
পাকিস্তানের দাবি, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সীমান্তপারের সন্ত্রাসী হামলা বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটিতে ২২৫টি সশস্ত্র হামলা হয়েছে, যা আগস্টের ১৯৯টির তুলনায় ১৩ শতাংশ বেশি।
ইসলামাবাদ আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা বন্ধে কাবুলের কার্যকর পদক্ষেপ দাবি করে আসছে। তবে আফগান তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


