ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং এসআইআর বাতিল চেয়ে দিল্লিতে বিক্ষোভ করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া জোট’। রামলীলা ময়দানে তাদের ডাকে রোববার ভোর থেকে জমায়েত শুরু হয়। বিকেল ৩টার কিছু আগে হুডখোলা গাড়িতে করে রামলীলা ময়দানে পৌঁছান রাহুল গান্ধী।
ছিলেন আইসা নেত্রী নেহা বোরা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ। সমাবেশে দেওয়া বক্তব্যে ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগ তোলেন সবাই।
লোকসভার বিরোধদলীয় নেতা রাহুল গান্ধী বলেন, ‘আমার কথা শুনে রাখুন। আমি দেশের প্রতিটি মানুষকে, প্রত্যেক যুবককে বলছি, জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে। জ্ঞানেশ কুমার জেলে যাবেন।’
তিনি আরো বলেন, ‘জ্ঞানেশ কুমারকে ছাড়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারবেন না। অমিত শাহও স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন না।’
প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে রাহুল বলেন, ‘অমিত শাহ বলেছিলেন, নরেন্দ্র মোদি কোথাও যাবেন না। আমি আপনাদের উল্টোটা বলছি। নরেন্দ্র মোদি কোথাও যেতে পারবেন না। যদি তিনি যেতেও চান, আমরা তাকে যেতে দেব না। জ্ঞানেশ কুমারের পর তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
দেশের সংবিধানকে ধ্বংস হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় জানান এই কংগ্রেস নেতা।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


