গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ছবি: সংগৃহীত

শীত আসার আগেই ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয় উপকরণ, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনসামগ্রী সরবরাহে বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেছেন, গাজায় বন্যাপ্রবণ এলাকায় বসবাসরত লাখো বাস্তুচ্যুত মানুষের জীবন ঝুঁকির মুখে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেদরোস বলেন, গাজায় আনুমানিক ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যাপ্রবণ এলাকায় বসবাস করছেন। তাদের মধ্যে ৪ লাখ মানুষ অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

তেদরোস আরো বলেন, ‘অনেকের জন্য একটি তাঁবুই এখন আশ্রয়ের শেষ অবলম্বন। সেটি হারালে তারা ঠান্ডা, দূষিত পানি ও রোগের ঝুঁকির মুখে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বেন।’

ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, বন্যার কারণে পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। অন্যদিকে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ায় চিকিৎসাসেবা পাওয়া আরো কঠিন হয়ে পড়েছে।

শীতের কঠিন পরিস্থিতি সামনে রেখে গাজার বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনসামগ্রী সরবরাহের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন