ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে ইরান-সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইরাকি সংবাদপত্র আল-মাদা এক প্রতিবেদনে জানায়, সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ পশ্চিম ইরাকে সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে এবং নতুন অবস্থান তৈরি করেছে। পাশাপাশি সেখানে অতিরিক্ত যোদ্ধা মোতায়েন করা হয়েছে। এলাকায় ইরানি ও হুথি উপদেষ্টারাও অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছে ইরাকের যেসব সশস্ত্র গোষ্ঠী, কাতাইব হিজবুল্লাহ তাদের অন্যতম।
এদিকে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে তার জবাবে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে গত কয়েক সপ্তাহে পরিকল্পনা চূড়ান্ত করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইরাকের এক কর্মকর্তা আলজাজিরাকে জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরাকে পৌঁছেছেন। তেহরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে সমঝোতার পথ খুঁজতেই তিনি ইরাক সফর করছেন বলে জানান ওই কর্মকর্তা।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



