দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা সুলতান কুতুবউদ্দীন আইবেকের (১২০৬-১২১০) শাসনামলে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল থেকে বাংলার সীমান্ত পর্যন্ত দিল্লির রাজনৈতিক প্রভাব বিস্তৃত হয়েছিল। এর প্রায় তিন শতক পর সুলতান শের শাহ সুরি (১৫৩৯-১৫৪৫) সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলকে সুসংহত যোগাযোগ কাঠামোর আওতায় নিয়ে আসেন। তার শাসনকাল ছিল মাত্র ছয় বছর, কিন্তু এই স্বল্প সময়েই তিনি রেখে যান সুদূরপ্রসারী অবদান।
স্বাধীন সুলতানদের আমলে তেলিয়াগড়িতে এসে বাংলার সীমানা উত্তর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। শের শাহ ভারতের অধিপতি হিসেবে তেলিয়াগড়ির সীমারেখা উঠিয়ে দিয়ে সমগ্র ভারতকে একই বন্ধনের আওতায় নিয়ে আসেন। ঐতিহাসিক সড়ক-ই-আজম সেকালের বাংলার রাজধানী সোনারগাঁকে বর্তমান পাকিস্তানের লাহোরের সঙ্গে সংযুক্ত করেছিল। এই রাজপথটি পাঞ্জাব থেকে নয়াদিল্লি হয়ে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের ভেতর দিয়ে বনগাঁও এবং বাংলাদেশের যশোর-ফরিদপুর দিয়ে সোনারগাঁয়ের বৈদ্যার বাজারে এসে শেষ হয়েছিল। ভারতের বনগাঁও পর্যন্ত রোডটি এখন গ্র্যান্ড ট্রাংক রোড নামে পরিচিত।
তুর্কি-আফগান-পাঠানযোদ্ধারা যুদ্ধজয়ে দ্রুতগামী ঘোড়া ব্যবহার করতেন। শের শাহ সড়ক নির্মাণ করে যোগাযোগব্যবস্থাকে সাধারণ মানুষের নিয়ে এসেছিলেন। হাজার বছর ধরে পশ্চিম ভারতের সঙ্গে বাংলার যোগাযোগ প্রধানত নৌপথ নির্ভর ছিল। শের শাহ স্থলপথে ডাক চালু করে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছিলেন। সড়কের পাশে পথিকদের জন্য ছিল সরাইখানা, পণ্য মজুতের জন্য গুদাম বা পাঁচিলঘেরা আস্তানা। সব সরাইখানায় আগত যাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় থাকা ও খাওয়ার ব্যবস্থা ছিল। হিন্দু পথযাত্রী ও তাদের ব্যবহৃত ঘোড়ার আহারাদি ও সেবাশুশ্রূষার জন্য হিন্দু সেবকের ব্যবস্থা আর মুসলমানদের জন্য পৃথকভাবে কুয়া এবং নামাজের জন্য পাকা মসজিদের ব্যবস্থা ছিল। সবার জন্য সুপেয় পানি ও মালামাল পাহারার জন্য চৌকিদার নিযুক্ত থাকত। সেবক, চৌকিদার, ইমাম, মুয়াজ্জিন ও দায়িত্বশীলদের বেতন ও ব্যয়নির্বাহের জন্য পার্শ্ববর্তী এলাকার নির্দিষ্ট গ্রামের রাজস্ব নির্ধারিত ছিল।
শ্রমক্লান্ত পথিকের বিশ্রামের জন্য পথের পাশে রোপণ করা হয়েছিল ছায়াতরু। ১৫০০ মাইল দীর্ঘ পথ ছিল বিচিত্র ভাষাভাষীর কর্মচাঞ্চল্যে মুখর। দেঘ, কার্নাল, সেনগর, রিন্দ, গোমতী, কুদ্রা নদী অতিক্রম করে সামনে এগিয়ে যায় এই সড়ক। কোথাও ইটের সেতু, কোথাও পাথরের। বড় বড় নদীতে পণ্য পরিবাহিত হতো নৌকার সাঁকোয়। আগ্রা ও দিল্লির মধ্যে বড় বড় নদীতে কোনো বাস্তব সেতু ছিল না, ছিল নৌকার সাঁকো বা সেতু। যুদ্ধবিগ্রহের সময়ও রণ-হস্তী পার হতো এই বিশেষ সাঁকোয়। পাথরবিছানো ছোট নদীগুলো পার হওয়া যেত হেঁটে বা ঘোড়ায় চড়ে। পণ্য পরিবহনের জন্য কারওয়ানিয়ানরা বিখ্যাত ছিল। পরে মোগলরা এদের নাম দেয় ব্রিনজারা বা বানজারা বা ‘বনজারা’। স্বভাবে এরা ছিল যাযাবর। কৃষিদ্রব্যের ভারবাহী বিরাট বিরাট বলদের পাল নিয়ে তারা পথে চলত। সরাইখানার আশপাশে লোকবসতি গড়ে তোলা হয়েছিল। পুরো পরিবার নিয়ে তারা বাস করত পথপার্শ্বের টাণ্ডা বা তাঁবুতে। আফগান শাসক সোলায়মান কররানী (১৫৬৫-১৫৭২) পথপার্শ্বে যে রাজধানী প্রথম স্থাপন করেন, তারও নাম ছিল টাণ্ডা।
লাহোর থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত ছিল পণ্যপরিবহনের রাস্তা। তৎকালে লাহোর ছিল এশিয়া ও ইউরোপের সেরা একটি শহর। গুরুত্বপূর্ণ এ পথ খাইবার পাস ধরে এগিয়ে আফগানিস্তান, পারস্য ও মধ্য-এশিয়ার সঙ্গে সংযোগ রক্ষা করত। পশ্চিমে অগ্রসর হয়ে সিল্ক রোড ধরে বুখারা, ইরাক, দামেস্ক, তুরস্ক থেকে কনস্ট্যান্টিনোপল পর্যন্ত ছিল এ পথের বিস্তার।
লাহোরের সঙ্গে ইউরোপের বাণিজ্যপথ ধরে আসে সামরিক অভিযাত্রীর দল। আলেক্সান্ডার ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে খ্রিষ্টপূর্ব ৩৩০ অব্দে এসে উপস্থিত হন লাহোর-সংলগ্ন তক্ষশীলায়। পারস্যের রাজাকে পরাজিত করে ৭০ হাজার অভিযাত্রী নিয়ে গ্রিসের যুবরাজ উপস্থিত হন গান্ধার রাজ্যের রাজধানী ও উত্তর-পশ্চিম ভারতের শ্রেষ্ঠ নগরীতে। প্রাচীনকালে গান্ধার শিল্পে (খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দী থেকে অষ্টম শতাব্দী) এসে মেশে গ্রিক, রোমান, পারসিয়ান ধারা। মধ্যযুগে শের শাহ সুরি সোনারগাঁ থেকে উত্তরাপথের বিস্তৃত সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে ভাটি বাংলাকে যুক্ত করেন। তার নির্মিত ও সংস্কার করা সড়কপথ উত্তর ভারতের রাজগীর পেরিয়ে গান্ধার ও কান্দাহার পর্যন্ত বিস্তৃত যোগাযোগের সুযোগ তৈরি করে। এর মধ্য দিয়ে ভাটি বাংলার সঙ্গে পশ্চিম ও মধ্য এশিয়ার যোগাযোগ আরো সুগম হয়। যুদ্ধকৌশল, সৈন্যসমাবেশ, দশমিক পদ্ধতি ও গোলাবারুদের ব্যবহার কৌশলও আসে এ পথ দিয়ে। কেন্দ্র, দুই বাহু (বাম ও ডান), অগ্রগামী সৈন্য ও পশ্চাৎরক্ষী সৈন্য, এই পঞ্চপক্ষ সৈন্যবিন্যাসের পদ্ধতি পারসিক ও রোমানদের মধ্যে প্রচলিত ছিল। রোমানদের মধ্যে প্রচলিত ছিল দশমিক ভিত্তিতে সামরিক বাহিনী সংগঠনের পদ্ধতি আর কনস্ট্যান্টিনোপলের মুসলমানদের মধ্যে প্রচলিত ছিল গোলাবারুদের ব্যবহার। মধ্য এশিয়ার মোঙ্গল নেতা চেঙ্গিস খানের সেনাবাহিনী দশমিক ভিত্তিতে সংগঠিত ছিল; গজনি সুলতানদের সেনাবাহিনী একই পদ্ধতিতে বিন্যস্ত হতো।
দিল্লির সুলতানদের কাছে এসব কৌশল এসে উপস্থিত হয় উত্তরাপথ ধরেই। শের শাহ লাহোর থেকে খোরাসান পর্যন্ত বিস্তৃত মহাসড়কের পাশে ‘ছোট রোহতাস’ দুর্গ নির্মাণ করেন।
সড়ক-ই-আজম নির্মাণ করে শের শাহ সুর কয়েকটি অসাধ্য সাধন করেন—
১. বাংলার সীমানাকে বিস্তৃত লাহোর পর্যন্ত করে দেন।
২. সুলতানি আমলে বহির্বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিল প্রধানত নৌপথনির্ভর, শের শাহের আমলে স্থলপথে যোগাযোগব্যবস্থা আরো মসৃণ হয়।
৩. বিস্তীর্ণ গাঙ্গেয় বদ্বীপের কেন্দ্রবিন্দু সোনারগাঁকে নিয়ন্ত্রণ করে তাতে আধুনিক ইউরো-এশীয় শিল্পধারা সঞ্চারিত করেন।
৪. যাতায়াত, যোগাযোগ ও সংবাদ আদান-প্রদানে আধুনিক ব্যবস্থা প্রবর্তন করেন। তাতে প্রতিপক্ষ জিয়াউদ্দীন বারনীর ‘বলগাকপুর’ এবং আবুল ফজলের ‘বলগাকখানা’ বিদ্রোহী ভাটি-অঞ্চল হয়ে ওঠে বিশ্বসভ্যতার ধারাবাহী ও শৃঙ্খলার ধারক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

