ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরানের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সদর দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালালে এর জবাব দিতে তারা ‘কোনো সীমাবদ্ধতা বা বিবেচনা’ করবে না।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করে বলেছে, যেকোনো ভুল সিদ্ধান্তের ফল যুক্তরাষ্ট্রকে কঠিন পরিনতি হিসেবে ভোগ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, ইরানের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আবারো ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপের একটি দেশে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান। এ ক্ষেত্রে কয়েকটি আঞ্চলিক দেশের সম্মতিও রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানের সামরিক কমান্ডের দাবি, ইসরাইলের ‘মিথ্যা তথ্য ও সাজানো পরিস্থিতির’ ওপর ভিত্তি করে শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেদের ব্যর্থতা আড়াল এবং কৃত্রিম সাফল্য অর্জনের চেষ্টা করছে। এ জন্য প্রতারণা ও কৌশলের মাধ্যমে যুদ্ধকে দীর্ঘায়িত করার পর আবারো সামরিক পদক্ষেপের পথে এগোচ্ছে ওয়াশিংটন।

ইরানের এই হুঁশিয়ারির ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তু করার ইঙ্গিত পরিস্থিতিকে নতুন করে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

তেহরান এর আগেও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা হলে তারা পাল্টা জবাব দেবে। এবার খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের বিবৃতিতে সেই অবস্থান আরো কঠোরভাবে তুলে ধরা হয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...