জাপানের বনাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। টানা ১১ দিনের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকল ও সামরিক বাহিনীর সদস্যরা।
কর্মকর্তারা জানিয়েছেন, এটি গত ৩০ বছরের মধ্যে জাপানের দ্বিতীয় বৃহত্তম দাবানল। এপ্রিলের শেষ দিক থেকে শত শত দমকলকর্মী এবং সহস্রাধিক সামরিক সদস্য আগুন নেভাতে কাজ করেন।
দাবানলটি ইওয়াতে অঞ্চলের পার্বত্য এলাকায় প্রায় ১ হাজার ৬০০ হেক্টর জুড়ে ছড়িয়ে পড়ে, যা আয়তনে সেন্ট্রাল পার্কের প্রায় পাঁচ গুণ।
বার্তা সংস্থা এএফপি জানায়, ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, দাবানলে অন্তত আটটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন সামান্য আহত হয়েছেন। আগুনের কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ওৎসুচি শহরের মেয়র কোজো হিরানো জানান, আকাশপথ ও স্থলপথে ব্যাপক প্রচেষ্টা এবং ভারী বৃষ্টিপাতের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কোথাও কোথাও এখনও ধিকিধিকি আগুন জ্বলতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
কিয়োদো নিউজ এ ঘটনাকে গত ৩০ বছরের মধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম দাবানল হিসেবে উল্লেখ করেছে।
বিশেষজ্ঞদের মতে, শীতকাল ক্রমেই শুষ্ক হয়ে ওঠায় দাবানলের ঝুঁকি বাড়ছে। এর আগে গত বছর একই অঞ্চলে আরেকটি দাবানলে প্রায় ২ হাজার ৬০০ হেক্টর এলাকা পুড়ে যায়। ১৯৭৫ সালে হোক্কাইডোর কুশিরো এলাকায় ২ হাজার ৭০০ হেক্টর বনভূমি পুড়ে যাওয়ার ঘটনা ছিল দেশের অন্যতম বড় দাবানল।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারজনিত জলবায়ু পরিবর্তন খরা বাড়িয়ে দিচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় দাবানলের ঝুঁকি তৈরি করতে পারে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


