ইরান সংঘাতের মাঝেই সৌদি-যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সই

ইরান সংঘাতের মাঝেই সৌদি-যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: আল-জাজিরা

ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সৌদি আরবের সঙ্গে একটি বড় ধরনের পরমাণু সহযোগিতা চুক্তি সই করেছে ট্রাম্প প্রশাসন। এটিকে একটি ‘শান্তিপূর্ণ পরমাণু সহযোগিতা চুক্তি’ হিসেবে অভিহিত করা হচ্ছে, যা রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের বহুমুখী অংশীদারত্বকে আরো শক্তিশালী করবে।

এই চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলো সৌদি আরবে পরমাণু প্রযুক্তি রপ্তানি, প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরব তাদের জাতীয় বিদ্যুৎ গ্রিড শক্তিশালী করতে বহু দিন ধরেই এ ধরনের পরমাণু সমঝোতার চেষ্টা করছিল।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে বিশ্ব বেসামরিক পরমাণু বাজারে যুক্তরাষ্ট্রের প্রাধান্য নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হলো।

উভয় দেশের দাবি, এ চুক্তি পারমাণবিক নিরাপত্তা এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ নীতি বজায় রেখে পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো গভীর করবে।

ইরানে সামরিক অভিযান জোরদার করার এই উত্তপ্ত সময়ে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা।

ওয়াশিংটনের দাবি, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের সম্ভাব্য কোনো পরমাণু অস্ত্র কর্মসূচি ঠেকানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জো বাইডেনের সাবেক প্রশাসনও একই ধরনের একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছিল। তবে সেটির পূর্বশর্ত ছিল ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণ। বর্তমান চুক্তিতে সেই শর্তের কোনো উল্লেখ নেই। উভয় দেশই এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে পরমাণু সহযোগিতার ক্ষেত্রে একটি বড় জয় হিসেবে দেখছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন