ইরানের সঙ্গে চুক্তি ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ‘খুব ভালোভাবে এগোচ্ছে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

তিনি ইঙ্গিত দিয়েছেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই হতে পারে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে এগিয়ে চলছে।

তিনি বলেন, ‘আমরা বিষয়টি জানতে পারব। ৪৮ ঘণ্টার মধ্যেই জানা যাবে।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্প এমন মন্তব্য করলেন। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনার খবরের মধ্যে তার এই বক্তব্য এলো।

তবে সম্ভাব্য চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

এর আগে, আলোচনা ব্যর্থ হলে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইরানকে ‘কঠিন আঘাত’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না। তারা এখনো তা করতে পারেনি। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।’

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রণালিটি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। অথবা তাদের খুব কঠিন আঘাত করা হবে, এরপর প্রণালি খুলে যাবে।’

ট্রাম্প আরো বলেন, ‘আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিলাম। তখন তারা আমাকে ফোন করে খুব ভদ্রভাবে বলেছিল, ‘দয়া করে আমরা কি আলোচনা করতে পারি?’ আমি বলেছিলাম, ‘হ্যাঁ, আমরা আলোচনা করতে পারি। চলুন এটি শেষ করি। অবশেষে এটি সম্পন্ন করি।’

তিনি বলেন, ইরান যদি আবার আলোচনা থেকে সরে যায়, তাহলে তাদের ‘খুব কঠিনভাবে আঘাত’ করা হবে।

ট্রাম্পের ভাষ্য, ইরান এ বিষয়টি জানে এবং বুঝতে পারছে।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা যা করছি, তা না করলে তারা আলোচনায় আসত না। আমরা তাদের খুব, খুব কঠিন আঘাত করেছি। তবে বড় আঘাত এখনো বাকি আছে। আশা করি, সেটি ব্যবহার করতে হবে না।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালির পরিস্থিতির মধ্যেই ট্রাম্প এই হুঁশিয়ারি দিলেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন