ইয়েমেন স্থিতিশীল না হলে মধ্যপ্রাচ্যে টেকসই আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পশ্চিমা সমর্থিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা।
তিনি বলেছেন, ইয়েমেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করা সবার যৌথ দায়িত্ব।
বাহরাইনে আয়োজিত এক সম্মেলনে মানামা ডায়ালগে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আফরাহ আল-জুবা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি তার বক্তব্য তুলে ধরেন।
আফরাহ আল-জুবা বলেন, ‘স্থিতিশীল ইয়েমেন ছাড়া টেকসই আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয়। আর দেশের পুরো ভূখণ্ডে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়া স্থিতিশীল ইয়েমেন সম্ভব নয়। অস্ত্রের নিয়ন্ত্রণ এবং যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতে থাকতে হবে।’
এ সময় ইয়েমেনের তাইজ শহর অবরুদ্ধ করে রাখায় হুথিদের নিন্দা জানান তিনি। এই অবরোধকে ‘যুদ্ধাপরাধ’ উল্লেখ করে তা তুলে নিতে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানান ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী।
গত সেপ্টেম্বর থেকে ইয়েমেনের যুদ্ধ আরো তীব্র হয়েছে। ওই সময় ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগরের উপকূলবর্তী কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নেয়। এর জবাবে সরকারপন্থি বাহিনী পাল্টা অভিযান শুরু করে।
ইয়েমেনের সরকারের এই অভিযানে সমর্থন দিচ্ছে সৌদি আরব। এর পাল্টা জবাবে হুথিরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চালিয়েছে। এতে ইয়েমেনের সংঘাত আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

