কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সামরিক নিয়ন্ত্রণে রয়েছে বলে জোর দাবি জানিয়েছে ইরান। হরমুজ প্রণালিতে অবস্থিত হরমুজ দ্বীপের দক্ষিণের ‘রেড বিচ’ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ভূ-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে যেকোনো ধরনের যাতায়াতের জন্য অবশ্যই ইরানি পক্ষ, দেশটির সামরিক বাহিনী এবং আইআরজিসি সঙ্গে সমন্বয় করতে হবে।
সম্প্রতি আইআরজিসির নৌবাহিনী ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের পরিধি আরো বাড়াচ্ছে।
ইরানি কর্তৃপক্ষ জানাচ্ছে, হরমুজ প্রণালি এখন আইআরজিসির সামরিক নিয়ন্ত্রণে রয়েছে এবং এই প্রণালি দিয়ে কোনো সামরিক জাহাজ বা যুদ্ধজাহাজকে কোনোভাবেই যাতায়াত করতে দেওয়া হবে না। তবে বন্ধুভাবাপন্ন দেশগুলোর জাহাজ ও নৌযান চলাচলের অনুমতি দেওয়া হলেও, শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো জাহাজ এই প্রণালি দিয়ে মোটেও পার হতে পারবে না।
গত দুই থেকে তিন দিনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যায় সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩০ থেকে ৪০টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে, যার বেশির ভাগই ছিল চীনা কোম্পানিগুলোর মালিকানাধীন। তবে গত ২৪ ঘণ্টায় এই সমুদ্রপথ দিয়ে নতুন করে কোনো জাহাজ বা নৌযান চলাচলের কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


