ওমানের রাজধানী মাস্কাট সফর শেষে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। ইসলামাবাদে সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও আলোচনা শেষে তার রাশিয়ার মস্কোতে যাওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আরাগচিকে বহনকারী ব্যক্তিগত বিমান ‘মেরাজ’ ইতোমধ্যে তেহরান থেকে উড্ডয়ন করেছে। পরবর্তী দুই ঘণ্টার মধ্যে ইসলামাবাদের কাছে নূর খান বিমান ঘাঁটিতে বিমানটি অবতরণ করার কথা রয়েছে।
এর আগে প্রথম দফার আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি দলের একটি অংশ তেহরানে ফিরে গিয়েছিল। যুদ্ধ বন্ধের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা নিয়ে ওই প্রতিনিধি দলটি আজ রাতেই ইসলামাবাদে আরাগচির সঙ্গে পুনরায় যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগের দফায় ইসলামাবাদ সফরের সময় আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আরাগচি জানিয়েছেন, মিত্র দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সমন্বয় জোরদার করার অংশ হিসেবেই তিনি ইসলামাবাদ, মাস্কাট ও মস্কো সফর করছেন।
সূত্র: আল-জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

