অর্থনৈতিক অঞ্চল ঘিরে বদলে যাবে মোংলা, কর্মসংস্থান হবে ৬০ হাজার মানুষের: নৌপরিবহনমন্ত্রী

অর্থনৈতিক অঞ্চল ঘিরে বদলে যাবে মোংলা, কর্মসংস্থান হবে ৬০ হাজার মানুষের: নৌপরিবহনমন্ত্রী

অর্থনৈতিক অঞ্চল, এলএনজি স্টেশন, বিদ্যুৎ উৎপাদন, সেতু ও বন্দরকেন্দ্রিক অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মোংলার অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মোংলার বিশেষ অর্থনৈতিক জোনের কাজ আগামী অক্টোবরে শুরু হবে। এতে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শেখ রবিউল আলম বলেন, মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন নির্মাণ করা হবে। সেখান থেকে প্রায় ২৩ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে গ্যাস মোংলায় আনা হবে। পরে ওই গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে মোংলার শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে মোংলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে।

মন্ত্রী আরও বলেন, মোংলা নদীর ওপর দেশের ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেতুটির বাস্তবায়ন করা হবে। এর ফলে মোংলার সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে এবং বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে।

তিনি বলেন, মোংলা বন্দরে নতুন জেটি, কোল্ড স্টোরেজ ও শিল্প অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হলে মোংলা একটি শিল্প হাবে পরিণত হবে এবং স্থানীয় মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম. এ. সালামসহ মোংলা, রামপাল, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী। এ সময় বক্তারা মোংলার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন