ইরানের ভূখণ্ড কিংবা জাতীয় পরিকাঠামো লক্ষ্য করে পরিচালনা করা যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর ও সুনির্দিষ্ট জবাব দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় যারা সহায়তার হাত বাড়াবে, তাদের ওপরও পাল্টা আঘাতের চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জাতীয় পরিকাঠামোসহ ইরানের বিরুদ্ধে পরিচালিত যেকোনো আগ্রাসনের তীব্র ও নির্ণায়ক জবাব দিতে আমরা বাধ্য হব।’
আল-জাজিরা জানায়, আরাগাচি স্পষ্টভাবে উল্লেখ করেন—ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলায় সরাসরি অংশ নেওয়া কিংবা যেকোনো উপায়ে সহায়তা প্রদানকারী প্রতিটি পক্ষকেই তেহরান সমানভাবে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কড়া হুঁশিয়ারির পরপরই এল।
প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে নতুন করে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা যেকোনো মাধ্যমে আক্রমণ চালায়, তবে তার জেরে যুক্তরাষ্ট্র ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র বোমাবর্ষণ করে পুরোপুরি গুঁড়িয়ে দেবে।
ট্রাম্পের সেই সরাসরি হুমকির পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ আরো এক ধাপ বৃদ্ধি পেল।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

