সন্দ্বীপের অদম্য তিনকন্যার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও

সন্দ্বীপের অদম্য তিনকন্যার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও

চট্টগ্রামের সন্দ্বীপের অদম্য তিন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার পাশাপাশি বইপত্র কেনার জন্য নগদ সাত হাজার টাকা করে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ‘আমার দেশ’-এ ‘জিপিএ-৫ পেয়েও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সন্দ্বীপের তিনকন্যা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি সন্দ্বীপ উপজেলা প্রশাসনের নজরে আসে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ইউএনও আমজাদ হোসেন তার কার্যালয়ে ওই তিন শিক্ষার্থী ও তাদের মা-বাবাকে ডেকে নিয়ে একান্তে কথা বলেন।

এই তিন অদম্য মেধাবী শিক্ষার্থী হলেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের আলেয়া বেগম শীতুল, মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের ঊর্মি আক্তার এবং গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মমিত্রা রায়।

ইউএনও তাৎক্ষণিকভাবে তাদের বইপত্র কেনার জন্য নগদ সাত হাজার টাকা করে দেন। পাশাপাশি তাদের পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বৃত্তির ব্যবস্থা করেন তিনি।

সময়োপযোগী সংবাদ প্রকাশের জন্য ‘আমার দেশ’-কে ধন্যবাদ জানিয়ে ইউএনও আমজাদ হোসেন বলেন, উপজেলা প্রশাসন এই তিন মেধাবী শিক্ষার্থীর লেখাপড়ার সব ব্যয়ভার বহন করবে।

তিন ছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সফলতার এই ধারাবাহিকতা রক্ষা করে তোমাদের মানুষ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আলেয়া বেগম শীতুল আবেগাপ্লুত হয়ে বলেন, খুব ভালো লাগছে। এখন মাথা থেকে লেখাপড়ার খরচের চিন্তা বাদ দিয়ে নিশ্চিন্তে একটু মন দিয়ে পড়তে পারব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন