ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’-এর মুক্তি আটকে দিয়েছে বলে জানিয়েছে একটি প্রতিবেদন। কারণ হিসেবে ভারত-ইসরাইল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।
তিউনিসিয়ান পরিচালক কাওথার বেন হানিয়ার এই ডকুড্রামা গাজায় বসবাসকারী পাঁচ বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের গল্প নিয়ে নির্মিত। অভিযোগ অনুযায়ী, উদ্ধার হওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় একটি গাড়িতে ইসরাইলি সেনাদের গুলিতে শিশুটি নিহত হয়, যেখানে ৩৩৫টি গুলি ছোড়া হয়েছিল বলে বলা হয়।
ভারতভিত্তিক পরিবেশক মনোজ নন্দওয়ানা জানান, মার্চে মুক্তির আশা নিয়ে ফেব্রুয়ারিতে ছবিটি অনুমোদনের জন্য জমা দিয়েছিলেন তিনি। তবে সিবিএফসি ছবিটি আটকে দেয় এবং তাদের পক্ষ থেকে জানানো হয়, এটি মুক্তি পেলে ভারত-ইসরাইল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে—এমনটাই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
নন্দওয়ানা আরও বলেন, সিদ্ধান্তটি ‘অসামঞ্জস্যপূর্ণ সময়ে’ এসেছে, কারণ ছবিটি পর্যালোচনার জন্য জমা দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফরের এক দিন পর।
তিনি আরও জানান, ছবিটি ইতোমধ্যে ভারতের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছিল, যার মধ্যে গোয়া, বেঙ্গালুরু, পুনে ও কেরালা রয়েছে।
ছবিটির প্রযোজনায় যুক্ত একটি প্রতিষ্ঠান ওয়াটারমেলন পিকচার্সের সহপ্রতিষ্ঠাতা বাদি আলি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, একটি পাঁচ বছরের শিশুর গল্পকে কূটনৈতিক হুমকি হিসেবে দেখাটা অযৌক্তিক।
পরিচালক কাওথার বেন হানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে প্রশ্ন তোলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্রের সম্পর্ক কি এতটাই ভঙ্গুর যে একটি চলচ্চিত্র তা নষ্ট করতে পারে?’
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

