ফিলিস্তিনে নির্বাচন ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর

ফিলিস্তিনে নির্বাচন ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর

প্রায় দুই দশকের মধ্যে ফিলিস্তিনে প্রথম নির্বাচন আয়োজনের কথা থাকলেও তা ফের পিছিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আগামী মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ফিলিস্তিনি লেজিসলেটিভ কাউন্সিলের ভোট প্রায় এক বছর পিছিয়ে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত জানিয়ে শুক্রবার একটি ডিক্রি জারি করেছেন তিনি।

গত দুই দশকেরও বেশি সময় ধরে স্থগিত থাকা প্রেসিডেন্ট নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হবে। ভোট স্থগিত করার বিষয়ে আলোচনার জন্য শনিবার সকালে শীর্ষ ফিলিস্তিনি কর্মকর্তাদের একটি কমিটির বৈঠকের পর এই ডিক্রি আসে।

বিজ্ঞাপন

ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটি এক বিবৃতিতে জানিয়েছে যে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজা ভূখণ্ডের বর্তমান পরিস্থিতি নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল নয়। ইসরাইল নির্বাচন সামগ্রী বা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের গাজায় প্রবেশের অনুমতি দেয়নি।

২০০৬ সালের পর ফিলিস্তিনে আর কোনো আইনসভা নির্বাচন হয়নি। সে বছর হামাস সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করার পর ইসরাইল ও পশ্চিমা দেশগুলো তাদের সরকারকে বয়কট করে। ২০০৫ সাল থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন মাহমুদ আব্বাস এবং তার এই দীর্ঘ মেয়াদে তিনি একাধিকবার প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন স্থগিত করেছেন।

সূত্র: ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা ও এপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন