যুক্তরাষ্ট্রে লেবানন ও ইসরাইলের প্রতিনিধিদের মধ্যে আসন্ন তৃতীয় বৈঠকটি আগেরগুলোর মতো হবে না। একে দুই দেশের মধ্যে ‘আনুষ্ঠানিক আলোচনার শুরু’ হিসেবে দেখা হচ্ছে।
বৈরুত থেকে আলজাজিরার প্রতিনিধি জেইনা খোদর এ তথ্য জানিয়েছেন।
লেবাননের এই প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন আইনজীবী ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের সাবেক রাষ্ট্রদূত সাইমন কারাম। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
জেইনা খোদর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, লেবাননের পক্ষ থেকে বলা হচ্ছে, এবারের বৈঠক কোনো প্রস্তুতিমূলক সভা নয়, বরং আলোচনার আনুষ্ঠানিক সূচনা। যদিও লেবানন একটি অর্থবহ যুদ্ধবিরতির বিষয়ে জোর দিয়েছে, তবে দেশটির প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন ইসরাইল যুদ্ধবিরতি পালন না করলেও আলোচনা চলবে।
এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা আগামী ১৪ ও ১৫ মে ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে এই নিবিড় আলোচনা সহজতর করার কাজ করবে। এই আলোচনায় একটি ‘বিস্তৃত শান্তি ও নিরাপত্তা চুক্তির’ অগ্রগতির দিকে গুরুত্ব দেওয়া হবে।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

