আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গাজা ফ্লোটিলার দুই কর্মী সাইফ আবু কেশেক এবং থিয়াগো আভিলার মুক্তির আহ্বান জানিয়েছে। গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজ আটক করার পর ইসরাইলি বাহিনী তাদের আটক করে।
অ্যামনেস্টির দাবি, আটক এই দুই কর্মী “গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে” রয়েছেন, যার মধ্যে নির্যাতন ও অন্যান্য দুর্ব্যবহারের আশঙ্কাও রয়েছে। সংস্থাটি বলেছে, অতীতে একই ধরনের ফ্লোটিলা কর্মীদের সঙ্গে ইসরাইলি হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের নথিভুক্ত ঘটনাও রয়েছে।
সংস্থাটি বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনি-স্প্যানিশ-সুইডিশ নাগরিক সাইফ আবু কেশেককে নিয়ে। তাদের মতে, ইসরাইলের “বৈষম্যমূলক আইন ও ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের ধারাবাহিকতার” কারণে তাকে একটি “সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে” আটক রাখা হয়েছে। খবর আল জাজিরার।
অ্যামনেস্টি ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে, আটক দুই কর্মীকে অবিলম্বে মুক্তি দিতে এবং হেফাজতে থাকা অবস্থায় তাদের সুরক্ষা নিশ্চিত করতে।
এদিকে, ইসরাইলি মানবাধিকার সংগঠন আদালা জানিয়েছে, বেয়ারশেবা জেলা আদালত আটক কর্মীদের মুক্তির আবেদন খারিজ করে তাদের আটকাদেশ রবিবার সকাল পর্যন্ত বাড়িয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


