শাহেদ ড্রোনের আরো উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া—এমন তথ্য জানিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা।
এ পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়া মূলত ইরানের তৈরি অত্যাধুনিক শাহেদ ড্রোন ব্যবহার করে এসেছে। তবে এখন এসব ড্রোনে জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নেভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধ ব্যবস্থা এবং স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করা হয়েছে। এই উন্নত সংস্করণই বর্তমানে তেহরানে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
ইউরোপীয় কর্মকর্তাদের ধারণা, আজারবাইজান হয়ে মানবিক সহায়তার আড়ালে ট্রাকের মাধ্যমে এসব ড্রোন পরিবহন করা হচ্ছে। তবে চালানের আকার কত বড় বা এটি এককালীন নাকি ধারাবাহিক সরবরাহের অংশ—এ বিষয়ে এখনো স্পষ্ট তথ্য নেই।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছেন।
অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, “ইরান অন্য কোনো দেশ থেকে যা-ই পাক না কেন, তা আমাদের অভিযানের ওপর কোনো প্রভাব ফেলবে না।”
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। রাশিয়ার এই উন্নত ড্রোন ইরানের হাতে পৌঁছালে তা মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

