পশ্চিম তীরে ১২০ ফিলিস্তিনি গ্রেপ্তার

পশ্চিম তীরে ১২০ ফিলিস্তিনি গ্রেপ্তার
ছবি: এপি

অধিকৃত পশ্চিম তীরে গত দুই দিনে অন্তত ১২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি বন্দিদের অধিকারবিষয়ক সংগঠন ‘সামিদুন’ (প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার্স অ্যাডভোকেসি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, এক ফিলিস্তিনি পরিবারের জমিতে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে এ অভিযান চালানো হয়। ওই হামলায় চার ফিলিস্তিনি এবং দুই ইসরাইলি নিহত হন। এর পর থেকেই প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইসরাইলি বাহিনী ব্যাপক আকারে ফিলিস্তিনিদের গ্রেপ্তার শুরু করে।

মূলত নাবলুস, তুলকারেমে ও হেব্রনে অভিযানের তীব্রতা সবচেয়ে বেশি দেখা গেছে। এসব এলাকায় সেনাসদস্যরা সাধারণ মানুষের বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরবাড়ির মালামাল ভাঙচুর করে। এ সময় মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদ চলাকালে আটক ব্যক্তিদের ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়। সামরিক বাহিনীর সুরক্ষায় সশস্ত্র ইসরাইলি বসতি স্থাপনকারীরাও কিছু অভিযানে অংশ নেয়।

এই গ্রেপ্তার ও অভিযানকে ফিলিস্তিনি জনগণের ওপর ‘শাস্তি ও প্রতিশোধমূলক নীতি’র অংশ বলে আখ্যায়িত করেছে সামিদুন।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জরুরি নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংস্থাটি জাতিসংঘ, রেড ক্রস এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন