ইসরাইলের সাম্প্রতিক পাস করা বিতর্কিত মৃত্যুদণ্ড আইনকে ঘিরে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে এই আইনের নিন্দা জানিয়েছেন। খবর আলজাজিরার।
চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি পার্লামেন্ট একটি একতরফা বিল পাস করে, যেখানে ‘সন্ত্রাস’মূলক’ ইসরাইলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে একই ধরনের অপরাধে দোষী ইহুদি ইসরাইলেরদের ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে না।
আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, এই আইন বৈষম্যমূলক এবং এটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার ও অস্তিত্বকে অস্বীকার করে। তারা সতর্ক করে বলেন, ইসরাইলের এমন নীতিমালা একটি ‘বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা’কে আরো প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে।
এছাড়া, ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের অবস্থার প্রতিও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে বলা হয়, সেখানে নির্যাতন, খাদ্য সংকট এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার মতো অভিযোগ রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের বিভিন্ন দেশও এই আইন নিয়ে উদ্বেগ ও সমালোচনা প্রকাশ করেছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই আইন ইসরাইলের ‘বর্ণবৈষম্যমূলক ব্যবস্থার’ অংশ, যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্যকে আরো বাড়িয়ে তুলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

