নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় সংসারের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে পরিবারের অন্য সদস্যদের প্রয়োজন মেটালেও সবার আগে নিজেদের খাবার, পুষ্টি ও চিকিৎসার খরচ কমাচ্ছেন নারীরা। সন্তান ও স্বামীর খাবারের জোগান ঠিক রাখতে অনেক নারী নিজের খাবারের পরিমাণ কমিয়ে দেন। অসুস্থ হলেও চিকিৎসকের কাছে যাওয়া কিংবা নিয়মিত ওষুধ কেনার বিষয়টি পিছিয়ে দেন তারা। সংসারের বাড়তি খরচ মনে করে অনেকে রোগের কথাও গোপন রাখেন। ফলে দ্রব্যমূল্যের চাপ শুধু নারীর খাদ্যাভ্যাসেই নয়, দীর্ঘ মেয়াদে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও ঝুঁকি তৈরি করছে।
রাজধানীর ফার্মগেট এলাকার আল-রাজী হাসপাতালের বিভিন্ন চিকিৎসকের চেম্বারে আসা কয়েকজন নারী রোগীর সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। আমার দেশ প্রতিবেদককে তারা বলেন, পরিবারের অনেকেই নারীর স্বাস্থ্যকে প্রয়োজনীয় গুরুত্ব দেন না। সংসারের কাজ ও পরিবারের সদস্যদের দেখাশোনার ব্যস্ততায় নিজের চিকিৎসার জন্য সময় বের করাও কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে চিকিৎসার পেছনে অর্থ ব্যয়কে অপচয় হিসেবে দেখা হয়। অথচ নারীরা বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকিতে থাকেন।
এক নারী রোগী বলেন, নারীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকলে পরিবারের দায়িত্বও যথাযথভাবে পালন করতে পারেন না। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে পুরো পরিবারই ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে শিশুরা অসহায় হয়ে পড়ে। পাশে বসা আনোয়ারা (৪২) বলেন, স্বামী অসুস্থ হলে তিনি জোর করে হাসপাতালে পাঠান। কিন্তু নিজে অসুস্থ হলে হাসপাতালে নিতে পরিবারের সদস্যরা দেরি করেন। হাসপাতালে যাওয়ার পরও অনেক সময় যথাযথ গুরুত্ব পাওয়া যায় না।
সংশ্লিষ্টরা বলছেন, ঘর ও কর্মক্ষেত্রে নারীরা বহুমাত্রিক দায়িত্ব পালন করলেও তাদের স্বাস্থ্যগত বিষয়টিকে কেউ গুরুত্ব দিয়ে বিবেচনা করে না। পরিবারের মঙ্গল ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নারীরা প্রায়ই নিজেদের অসুস্থতা উপেক্ষা করেন। স্বাস্থ্যসেবার অগ্রাধিকার তালিকায় তাদের অবস্থান থাকে সবার শেষে। ফলে চিকিৎসা শুরু করতে দেরি হয় এবং রোগ জটিল আকার ধারণ করে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়াও নারীর চিকিৎসার ক্ষেত্রে বড় বাধা। এ পরিস্থিতি পরিবর্তনে নারীশিক্ষা, সচেতনতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ বাড়ানো জরুরি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নারীর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিরোধমূলক চিকিৎসাসেবা প্রয়োজন। এ জন্য নারীদের উপযোগী বার্ষিক স্বাস্থ্যসেবা কর্মসূচি বা প্রিভেন্টিভ হেলথ কেয়ার ধরনের কিছু স্কিম থাকা জরুরি। বিশ্বের বহু দেশে এ ধরনের কর্মসূচি চালু করে কার্যকরী ফল পেয়েছে। এ ধরনের কর্মসূচিতে স্ত্রীরোগ, পরিবার পরিকল্পনা, মাসিকজনিত সমস্যা, যৌনবাহিত রোগের সংক্রমণ প্রতিরোধ এবং প্রয়োজন অনুযায়ী ক্যানসারসহ অন্যান্য রোগ শনাক্তের পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে। কিন্তু দেশের স্বাস্থ্যনীতিতে নারীর স্বাস্থ্যসেবা এখনো অনেকাংশে প্রজনন স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ। জন্মনিয়ন্ত্রণ ও মাতৃত্বের বিষয়টি গুরুত্ব পেলেও নারীর সামগ্রিক শারীরিক ও মানসিক সুস্থতা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। প্রচলিত সামাজিক ধারণা, সংস্কার ও চর্চার প্রভাবে নারী নিজেও অনেক সময় নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে শেখে না।
বেসরকারি উন্নয়ন সংস্থা নারীপক্ষের এক গবেষণায় নারীদের বিভিন্ন রোগের ঝুঁকির চিত্র উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, গত ২০ বছরে হৃদরোগে মৃত্যুর হার বাংলাদেশি পুরুষের ক্ষেত্রে ৩২ গুণ এবং নারীদের ক্ষেত্রে ৪৭ গুণ বেড়েছে। কিডনি রোগে আক্রান্তের হার নারীদের ক্ষেত্রে ১৪ শতাংশ, পুরুষের ক্ষেত্রে ১২ শতাংশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবও নারীর স্বাস্থ্যে পড়ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির কারণে নারীদের প্রজননস্বাস্থ্য (জরায়ুর ক্যানসার, বন্ধ্যাত্ব) নানা ঝুঁকির মুখে পড়ছে।
বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ও বিভিন্ন জনমিতি গবেষণার তথ্য অনুযায়ী, দেশের বিবাহিত নারীদের মাত্র ১২ শতাংশ নিজেদের স্বাস্থ্যসেবা বা চিকিৎসা গ্রহণের বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসার সিদ্ধান্ত যৌথভাবে কিংবা পরিবারের পুরুষ সদস্যদের মাধ্যমে নির্ধারিত হয়।
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা আমার দেশকে বলেন, ‘আমরা নারীদের ছোটবেলা থেকেই শেখাই সহ্য করো, মানিয়ে নাও, সংসার বাঁচাও। কিন্তু নিজেকেও বাঁচাতে হবে, সেটি শেখাই না। তার মতে, পরিবারে আর্থিক সংকট কিংবা বাজার খরচ বেড়ে গেলে নারীরা প্রথমে নিজেদের চিকিৎসা ও ওষুধের খরচ কমিয়ে দেন। অনেক সময় শারীরিক সমস্যা গোপন রাখেন। পরে রোগ জটিল হলে চিকিৎসার সুযোগও সীমিত হয়ে আসে।
তিনি বলেন, ৪০-৪৫ বছর বয়সের পর নারীরা বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকিতে থাকেন। অথচ এ বয়সে অনেকের সঞ্চয় থাকে না। ফলে চিকিৎসার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ে। মায়ের সুস্থতা পরিবারের শান্তি ও সমৃদ্ধির জন্য জরুরি। তাই পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়েও নারীস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে হবে।
বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরামের যুগ্ম সম্পাদক খাতুনে জান্নাত কণা আমার দেশকে বলেন, মায়েরা সন্তান ও পরিবারের অন্য সদস্যদের কথা ভেবে নিজের খাবারের পরিমাণ কমিয়ে দেন। দ্রব্যমূল্য বাড়ায় ওষুধ ও পথ্য কেনার ক্ষেত্রেও অনেক হিসাব করতে হয়। সংসারের অন্যান্য প্রয়োজন মেটাতে গিয়ে নিজেদের ওষুধ নিয়মিত কেনাও সম্ভব হয় না। তার মতে, দ্রব্যমূল্যের চাপ পরিবার ও সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি করছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নারীদের ওপর। এতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে।
নারী২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
এদিকে নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। ‘উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ নামের এ কর্মসূচির আওতায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রায় চার কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা, জরুরি প্রসূতিসেবা, জরায়ুমুখ ও স্তন ক্যানসারের চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জেলা হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রোগী স্থানান্তর, রেফারেল ব্যবস্থা ও নিবিড় পরিচর্যাসেবা শক্তিশালী করা হবে।
গত ১০ অক্টোবর জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসে ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সভায় এ উদ্যোগ তুলে ধরা হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। কর্মসূচিটি প্রণয়নে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) সহায়তা করেছে এবং বাস্তবায়নেও কারিগরি সহায়তা দেবে। এ উদ্যোগের মাধ্যমে নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের স্বাস্থ্যব্যবস্থা আরো শক্তিশালী করার প্রত্যাশা করা হচ্ছে।