কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকর্মীদের হামলায় গত ২৭ মাসে সারা দেশে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চলতি বছরেই নিহত হয়েছেন ১৬ জন। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে চলতি নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগকর্মীদের হামলায় নিহতদের অধিকাংশই বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী। পরিবহন শ্রমিক এবং সাধারণ মানুষও আছেন নিহতের তালিকায়।
পলাতক আওয়ামী লীগ নেতারা ‘গেরিলা বাহিনী’ গঠন করে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের হত্যার নির্দেশ দিচ্ছেন। কোথাও কোথাও সহিংসতার জন্য করা হচ্ছে এলাকাভিত্তিক ‘স্টিয়ারিং কমিটি’। দায়িত্ব দেওয়া হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতাদের। আমার দেশ-এর অনুসন্ধান ও একাধিক মানবাধিকার সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিপুল প্রাণহানি ও সহিংসতা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের ক্যাডার বাহিনী সহিংসতা চালাচ্ছে। তাদের সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ দলটি দেশের যেকোনো স্থানে অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা করলে তা নির্মূলে সরকার বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শপথ হচ্ছেÑপ্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ ও নাগরিকের জানমাল রক্ষা করা। বাহিনীর সদস্যরা সবসময় এ দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের হামলায় নিহতের প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশ মামলাগুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে। জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট ইউনিটের প্রধানদের এসব মামলার তদন্ত নিবিড় তদারকি করতে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি হত্যা মামলার নিবিড় তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার ও আদালতে অভিযোগপত্র দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ কাজ করছে।
ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আগে ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে নজিরবিহীন গণহত্যা ও তাণ্ডব চালায় আওয়ামী লীগ। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনের তথ্যমতে, আইন প্রয়োগকারী সংস্থার কতিপয় সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা এবং সহিংসতায় ওই বছর ১,১৮০ জন নিহত হন। জুলাই-আগস্টে কমপক্ষে ১,০১৩ জন মারা যান।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, চব্বিশের ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে বাংলাদেশে সংঘটিত গণঅভ্যুত্থান ও সহিংসতায় প্রায় ১,৪০০ জন নিহত হন।
ওই বছরের ৫ আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরও সহিংস কার্যক্রম অব্যাহত রাখে আওয়ামী লীগ। তাদের অব্যাহত সন্ত্রাসী কার্যকলাপের কারণে গত বছরের ১২ মে তৎকালীন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। একই দিন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। এরপরও দলটির পলাতক নেতাকর্মীরা বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর চোরাগোপ্তা হামলা ও সহিংসতা অব্যাহত রেখেছেন। দলটির বিদেশে পলাতক নেতারা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হত্যার নির্দেশ দিচ্ছেন বলে পুলিশ জানিয়েছে। এর বেশকিছু অডিও বিভিন্ন সময় ভাইরাল হয়েছে।
গত শুক্রবার ‘লক্ষ্মীপুরের গডফাদার’খ্যাত প্রয়াত মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে এএইচএম বিপ্লবের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে পাঁচ-ছয়জনের একেকটি ‘গেরিলা বাহিনী’ প্রস্তুত করে বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যার নির্দেশ দিতে শোনা যায়। গেরিলা সদস্যদের নির্দিষ্ট এলাকায় অবস্থান করে বিএনপি-জামায়াতের অন্তত ১০ জনকে হত্যার নির্দেশ দেন বিপ্লব। এছাড়াও বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
সহিংসতায় সংশ্লিষ্টদের গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, পলাতক আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হক, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন নেতা নাশকতা ও হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দিচ্ছেন। তারা নাশকতা ও সহিংসতায় অর্থ দিচ্ছেন। তাদের নির্দেশে দেশে সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতারা অঞ্চলভিত্তিক কমিটি গঠন করে বিএনপি, জামায়াত ও এনসিপির কর্মীদের হত্যা, তাদের বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার নির্দেশনা দিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি অডিও বার্তায় প্রতিটি ইউনিয়নে দুই থেকে তিনটি করে বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কোনো কোনো অডিওতে বিএনপি নেতাদের পিটিয়ে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিতে শোনা যায়। ফলে আওয়ামী লীগের প্রায় সব কেন্দ্রীয় নেতা আত্মগোপনে এবং গ্রেপ্তার থাকলেও তাদের তৃণমূল কর্মীরা হামলা, খুন ও সহিংসতা অব্যাহত রেখেছে।
হাসিনার পলায়নের পর থেকে আওয়ামী লীগের হামলায় কতজন মারা গেছেন, পুলিশ সদর দপ্তরের কাছে সে হিসাব পাওয়া যায়নি। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন ও গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, আওয়ামী ক্যাডার বাহিনীর হামলায় গত ২৭ মাসে কমপক্ষে ৫৩ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে চলতি বছরে সারা দেশে নিহত হয়েছেন ১৬ জন। চলতি নভেম্বরেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে দুজন পরিবহন শ্রমিক।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদনে বছরের প্রথম ৯ মাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা ১০০টি সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে জানানো হয়। এর মধ্যে ৯৩টি হামলা হয়েছে বিএনপিকর্মীদের বিরুদ্ধে। পাঁচটি হয়েছে এনসিপি এবং দুটি হামলা হয়েছে জামায়াতের নেতাকর্মীদের ওপর। প্রথম ৯ মাসে আওয়ামী লীগকর্মীদের হামলায় বিএনপির ৯ জন এবং জামায়াতের একজন নিহত হন। আহত হন কমপক্ষে ৫০৬ জন। এর বাইরে আওয়ামী লীগকর্মীদের হামলায় অক্টোবরে দুজন নিহত হন।
গত ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে অতর্কিত হামলা চালান নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। তাদের হামলায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল শেখ নিহত হন। গত ১৭ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত হন উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। গত ১৮ নভেম্বর পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগকর্মীরা বাসে আগুন দিলে বাসচালকের সহকারী মোহাম্মদ সিয়াম পুড়ে মারা যান। অপরদিকে গত ১০ নভেম্বর ফরিদপুর শহরে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেয় আওয়ামী লীগকর্মীরা। বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন চালক কালাচান শেখ। ঘুমন্ত অবস্থায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি। নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা ছিলেন।
মানবাধিকার সংস্থা এইচআরএসএসের প্রতিবেদন অনুযায়ী, গত বছর সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত হন ২২ জন। এর মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ১৫২টি সংঘর্ষের ঘটনায় ১৯ জন নিহত এবং ৮০২ জন আহত হন। একই বছর আওয়ামী লীগ ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ২৩টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং ৬৬ জন আহত হন। একই বছর জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের ৯টি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত এবং ১১ জন আহত হন।
মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উল্লিখিত তথ্যমতে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে আওয়ামী লীগকর্মীদের হামলায় বিএনপি, জামায়াত ও এনসিপির ১৪ জন নিহত হন। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী গোপালগঞ্জ সদর থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে আওয়ামী লীগকর্মীরা মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গাড়িবহরে হামলা করে। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সাংবাদিকসহ আরো অন্তত ৫০ জন আহত হন। পরে নিহতের স্ত্রী রাবেয়া রহমান গোপালগঞ্জ সদর থানায় শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৭ জনের নামোল্লেখ এবং ১,৫০০ জনকে আসামি করে মামলা করেন।
আইনগতভাবে মোকাবিলা করবে বিএনপি
আওয়ামী লীগের অব্যাহত নাশকতা ও হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল আমার দেশকে বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরও ফ্যাসিবাদের দোসরদের মাধ্যমে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো আমরা আইনের মাধ্যমে মোকাবিলা করতে চাই। চব্বিশের ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তাদের মাধ্যমে এখন পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ড, সম্পদহানি ও থানা লুটের সুনির্দিষ্ট ঘটনায় মামলা হয়েছে। ওইসব মামলার তদন্তের ভিত্তিতেই আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মানুষ দেখবে, বিচারব্যবস্থা কার্যকরের মাধ্যমে আমরা প্রতিশোধ নিচ্ছি। আমরা কোনো রাজনৈতিক প্রতিশোধের পথে যাচ্ছি না কিংবা ক্ষমতার দাপট দেখাতে চাইছি না।
বিদেশে অবস্থান করে বিভিন্ন পক্ষ থেকে হত্যা, হত্যার হুমকি এবং অগ্নিসংযোগ-নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা প্রবাসে বসে দেশের ধ্বংস ও ক্ষতি করার জন্য যা যা করা দরকার, সবই করছেন। তাদের অভ্যাস পরিবর্তন না হলে দীর্ঘদিনের জন্য বাংলাদেশের মানুষ তাদের তালাক দেবে। এই তালাকের অর্থ ব্যাপকÑযেভাবে দেওয়া প্রয়োজন, সেভাবেই দেওয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাসিনাসহ নেতারা পালিয়ে যাওয়ার পরও হত্যার রাজনীতি থেকে সরে আসেনি আওয়ামী লীগ। পার্শ্ববর্তী দেশ থেকে হাসিনার নির্দেশে এ দেশে আবার রক্তাক্ত পরিস্থিতি ও নাশকতার চেষ্টা চলছে। তার নির্দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশ দেশে একের পর এক হত্যাকাণ্ড ও সহিংসতা চালাচ্ছে। এরই মধ্যে তারা বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করেছে।
তিনি আরো বলেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা, নড়াইলের কালিয়ায় কৃষক দল এবং জাসাসের এক নেতাকে হত্যা করা হয়েছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এসব অস্থিতিশীলতায় ইন্ধন জোগাচ্ছে। প্রতিদিন হত্যা ও রক্তপাত ঘটিয়ে বাংলাদেশকে বিশ্বের কাছে অস্থিতিশীল দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে।