শতাধিক মানুষকে গুম, খুন ও নির্যাতন মামলার আসামি বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ঔদ্ধত্যপূর্ণ আচরণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সানগ্লাস পরে ট্রাইব্যুনালে হাজিরা, হাতকড়া পরতে অস্বীকৃতি এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার মতো ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবারগুলো। তাদের অভিযোগ, বিচারপ্রক্রিয়ায় ধীরগতি ও প্রসিকিউশনের নমনীয়তার সুযোগ নিয়ে আসামিরা বেপরোয়া হয়ে উঠছেন। এতে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।
গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করে বলেন, আইসিটি ট্রাইব্যুনালে জিয়াউলের ঔদ্ধত্য আমাদের উদ্বিগ্ন ও আতঙ্কিত করেছে। সরকার কি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না? সরকার কি তার প্রতি মানবিকতা দেখাচ্ছে?
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত এগিয়ে নেওয়ার কথা থাকলেও বাস্তবে শিথিলতা দেখা যাচ্ছে। প্রসিকিউশনের নমনীয়তার সুযোগে খুনিদের মনে একধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছে। ফলে তারা এ ধরনের বেপরোয়া আচরণের সুযোগ পাচ্ছে । জিয়াউলের হাতকড়া পরতে না চাওয়া এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার পাশাপাশি তার বোন ও আইনজীবী নাজনীন নাহারের বিরুদ্ধেও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আদালত অবমাননা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগ থাকলেও প্রসিকিউশনের পক্ষ থেকে কার্যকর আইনি পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি তাদের।
এছাড়া জিয়াউলকে বিশেষ সুবিধা দিতে তার বোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিপুল অর্থ লেনদেন করছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আমার দেশকে বলেন, ‘আমরা তার প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখাচ্ছি না। জিয়াউল ২০০ থেকে ২৫০ জন মানুষকে হত্যা করেছে। তারা নানা ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে এবং বিচার বিলম্বিত করার চেষ্টা করছে। তবে আমরা বিচারকে স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
সংশ্লিষ্টদের মতে, ফ্যাসিস্ট শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা এবং দেশজুড়ে সহিংসতার অভিযোগের মধ্যে জিয়াউলের এমন আচরণকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পর্যায়ে হাসিনার ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীদের সক্রিয় হওয়ার চেষ্টার প্রেক্ষাপটে ট্রাইব্যুনালে তার হুমকি-ধমকি ও নায়কোচিত চলাফেরা নতুন করে উদ্বেগ তৈরি করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে থাকা ফ্যাসিস্টের অনুসারীদের প্ররোচনায় জিয়াউল এসব তৎপরতা চালাচ্ছেন। এ তৎপরতার অংশ হিসেবে জিয়াউল ট্রাইব্যুনালে ঘোষণা করেন, ‘জয় আমাদের হবেই’।
সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জিয়াউল ও তার বোনের তৎপরতা, হুমকি-ধমকি আদালত অবমাননার শামিল হতে পারে। একই সঙ্গে এসব কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার পর্যায়ে পড়ে। এ দুই কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু তা করা হয়নি।
তিনি বলেন, গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহিংসতা ও নাশকতায় জড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বাড়িঘরে আগুন দেওয়া এবং মানুষ হত্যার মতো ঘটনাও ঘটছে। জিয়াউলের তৎপরতাকেও এ সামগ্রিক পরিস্থিতির বাইরে দেখার সুযোগ নেই।
তাজুল বলেন, এসব ঘটনার পেছনে সরকারের দায় রয়েছে বলে তিনি মনে করেন। সরকার এসব পলাতক সন্ত্রাসী ও মানবতাবিরোধী অপরাধীদের ব্যাপারে নমনীয়তা দেখাচ্ছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রয়োজনীয় আইন প্রণয়নে সরকারের অবস্থান নিয়েও হতাশা তৈরি হয়েছে। এ পরিস্থিতির সুযোগে আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা এবং অভিযুক্তদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ বাড়ছে।
মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে সাবেক এ চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী বিচার ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার কথা থাকলেও সেখানে স্থবিরতা দেখা যাচ্ছে। আসামিরা বারবার সময় চাইলেও প্রসিকিউশন কার্যকরভাবে আপত্তি জানাচ্ছে না। মাসের পর মাস সময় দেওয়ায় আসামিদের মধ্যে বিচার শেষ না হওয়ার আত্মবিশ্বাস তৈরি হচ্ছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এতে সাক্ষীদের মধ্যে ভয়ভীতি তৈরি হচ্ছে। আসামিরা মুক্ত হয়ে গেলে তাদের জীবন বিপন্ন হতে পারে—এমন আশঙ্কায় ভবিষ্যতে সাক্ষীরা সাক্ষ্য দিতেও অনীহা দেখাতে পারেন।
জিয়াউলের বিরুদ্ধে পাঁচ মামলা
জিয়াউলের বিরুদ্ধে বর্তমানে দুই ট্রাইব্যুনালে পাঁচটি মামলার বিচারিক কার্যক্রম চলছে। এর মধ্যে শতাধিক মানুষকে গুম, খুন ও নির্যাতনের মামলায় ট্রাইব্যুনাল-১-এ তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। এ মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দি দিয়েছেন। তিনি ট্রাইব্যুনালকে জানান, তিনি সেনাপ্রধান হলেও জিয়াউল তার কমান্ড মানত না। হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকের প্রশ্রয়ে র্যাবে থাকাকালে জিয়াউল বেপরোয়া হয়ে ওঠে। তাকে বোঝাতে দুই কর্মকর্তাকে পাঠানো হলেও তারা ফিরে এসে জানান, জিয়াউলের মাথা ইট-পাথর দিয়ে ঠাসা, তাকে বোঝানোর উপায় নেই।
জিয়াউলের একসময়ের দেহরক্ষী সেনাসদস্য ইমরুলও ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। তিনি বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হওয়ার পাশাপাশি জিয়াউলের বিরুদ্ধে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার অভিযোগের বিবরণ তুলে ধরেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীর গুমের সঙ্গেও জিয়াউল জড়িত বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।
এদিকে শাপলা চত্বরের গণহত্যা মামলারও অন্যতম আসামি জিয়াউল। মামলাটিতে ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের শুনানি চলছে। এছাড়া তার বিরুদ্ধে আরো তিনটি মামলার তদন্ত চলছে। এগুলোর মধ্যে রয়েছেÑবিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম ও হত্যা, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম এবং চট্টগ্রামের রাউজানে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে গুমের মামলা।