হোম > আমার দেশ স্পেশাল

সরকারি চাকুরেদের সুযোগ সুবিধায় বড় পরিবর্তন

আবু আলী

নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত এই কাঠামোর আওতায় নিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার বেশি রাখার পাশাপাশি ঝুঁকি ভাতা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে নববর্ষের ভাতা।

এছাড়া সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতা দুই থেকে তিনগুণ বৃদ্ধি, বয়স অনুযায়ী চিকিৎসা ভাতা এবং ১৫০-৫০০ টাকা পর্যন্ত মোবাইল ভাতা দেওয়ার বিধান রেখে সামরিক ও বেসামরিক খাতের সার্বিক সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে। অর্থ বিভাগ এ নিয়ে কাজ করছে। শিগগির ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে অর্থ বিভাগ।

জানা গেছে, সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে বেতন কাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন ও নিট পেনশন তিন ধাপে বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর হবে।

চলতি অর্থবছরে মূল বেতন ও নিট পেনশন বাবদ ১ লাখ ৬৮ হাজার ৬৫৬ কোটি টাকা লাগবে। যা চলতি অর্থবছরে বরাদ্দের চেয়ে ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা বেশি। আগামী ২০২৭-২৮ অর্থবছরে মূল বেতন ও নিট পেনশন বাস্তবায়নের জন্য ২ লাখ ১৩ হাজার ৪৯৪ কোটি টাকা লাগবে।

বাড়িভাড়া ভাতায় বড় পরিবর্তন

কর্মচারীদের আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে বাড়িভাড়া ভাতায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এলাকাভিত্তিক এই ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে যার মধ্যে ঢাকা সিটি করপোরেশনের জন্য মূল বেতনের ৪০ শতাংশ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৬০ শতাংশ, অন্যান্য সিটি করপোরেশন ও সাভার পৌরসভার জন্য মূল বেতনের ৩০-৫০ শতাংশ এবং অন্যান্য এলাকার গ্রেডভেদে মূল বেতনের ২৫-৪৫ শতাংশ অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বয়স অনুসারে চিকিৎসা ভাতা

কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসার ক্রমবর্ধমান খরচ মেটাতে গ্রেড নির্বিশেষে বয়স অনুযায়ী চিকিৎসা ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে । ৫০ বছর বয়স পর্যন্ত ৩,০০০ টাকা, ৫০ বছর একদিন থেকে ৬০ বছর বয়স পর্যন্ত ৪,০০০ টাকা, ৬০ বছর একদিন থেকে ৭০ বছর বয়স পর্যন্ত ৫,০০০ টাকা এবং ৭০ বছরের ঊর্ধ্বে ৬,০০০ টাকা করা হয়েছে।

নিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার বেশি

বার্ষিক বেতন বৃদ্ধির হার নিচের গ্রেডে বেশি রাখা হয়েছে। আর ওপরের গ্রেডের বেতন বৃদ্ধির হার কম বাড়ানো হয়েছে। এর মধ্যে গ্রেড-৬ ও তদনিম্ন গ্রেডের জন্য ৫ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এর জন্য ৩.৫ শতাংশ এবং গ্রেড-২-এর জন্য ২.৭৫ শতাংশ করা হয়েছে।

১৫০-৫০০ টাকা মোবাইল ভাতা

নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী সব গ্রেডের সরকারি কর্মচারী মোবাইল ভাতা পাবেন। এতদিন পঞ্চম গ্রেড পর্যন্ত নির্দিষ্ট কর্মচারীরা মোবাইল ভাতা পেতেন। সরকারি দপ্তরগুলোতে ই-মেইল, অনলাইন সভা, ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা ও বিভিন্ন অ্যাপভিত্তিক কাজ বাড়ায় প্রায় সব পর্যায়ের কর্মচারীকেই ব্যক্তিগত মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে ভাতার আওতা বাড়ানো হয়েছে।

মোবাইল ভাতার ক্ষেত্রে গ্রেড-৫ ও এর ঊর্ধ্বের গ্রেডের জন্য ৫০০ টাকায় এবং গ্রেড-৬ ও এর নিচের গ্রেডের জন্য ১৫০ টাকা করা হয়েছে।

যাতায়াত ভাতা দ্বিগুণ

বর্তমানে যারা যাতায়াত ভাতা পাচ্ছেন, তাদের ক্ষেত্রে ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া ধোলাই ভাতা ১০০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করা হয়েছে।

প্রতিবন্ধী সন্তানের ভাতা চালু

সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) সন্তানদের কল্যাণে নতুন করে এই ভাতা প্রবর্তন করা হচ্ছে। প্রতিবন্ধী সন্তানের জন্য ৩,০০০ টাকার ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে। তবে এক্ষেত্রে সর্বোচ্চ দুজন সন্তান এ সুবিধা পাবেন।

কমছে নববর্ষের ভাতা

বাংলা নববর্ষ ভাতা বিদ্যমান মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাড়ছে ঝুঁকি ভাতা

প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা মূল বেতনের ১০ শতাংশ হারে এবং ঝুঁকি ভাতা ও বিশেষ ভাতা ক্ষেত্রবিশেষে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। অন্যদিকে শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা ও উৎসব ভাতা বিদ্যমান হারেই বহাল রাখা হয়েছে।

পাহাড়ি ও হাওড়/দ্বীপ/চর ভাতা

পাহাড়ি অঞ্চলের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে (পার্বত্য জেলা সদর ও সদর উপজেলায় সর্বোচ্চ ৫,০০০ টাকা, অন্যান্য পাহাড়ি এলাকায় সর্বোচ্চ ৫২০০ টাকা এবং হাওড়/দ্বীপ/চর এলাকায় মূল বেতনের ২০ শতাংশ হার অপরিবর্তিত রেখে সর্বোচ্চ সীমা ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পেনশন ও গ্র্যাচুইটি

সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী চলতি মেয়াদে ‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সচিব কমিটি ল্যাবভিত্তিক নিট পেনশন সর্বনিম্ন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা করেছে।

সামরিক বাহিনীর ভাতা

সশস্ত্র বাহিনীর অফিসার ও সদস্যদের জন্য প্রতিরক্ষা ভাতা, কিট ভাতা, ডেঞ্জার মানি, দোভাষী ভাতা এবং শিক্ষকতা ভাতাসহ বেশির ভাগ ভাতার ক্ষেত্রে বিদ্যমান পরিমাণের ওপর ১০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার আমার দেশকে বলেন, সরকার সামর্থ্যের মধ্যে থেকে করার চেষ্টা করেছে, এটিকে ইতিবাচক মনে করি। এছাড়া মূল্যস্ফীতির বিবেচনায় তিন ধাপে বাস্তবায়ন নীতিও ঠিক আছে বলে জানান তিনি।

গণতন্ত্রের নতুন যাত্রা, সামনে বড় পরীক্ষা

হারিয়ে যাচ্ছে সরাইলের চৌকস গ্রেহাউন্ড ডগ

তিস্তা নিয়ে চীন-মার্কিন প্রতিযোগিতা

‘বিশেষ অবদানের’ ২১৪ প্লট নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রাজউক

ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন

এবার ‘ডিসেম্বরেই নতুন বই’, রেকর্ড গড়তে চায় সরকার

টেলিকম নীতিমালায় বিদেশিদের অগ্রাধিকার, বাড়ছে অসন্তোষ

রাতের আঁধারে রামপুরা খেলার মাঠে বহুতল ভবন নির্মাণ

মাদক মামলায় সাজা কম, খালাস বেশি

এসএসএফের ৩২ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি দুই বছরেও