হোম > আমার দেশ স্পেশাল

আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের আলোচনা জোরালো হচ্ছে

বিশেষ প্রতিনিধি

আমার দেশ গ্রাফিক্স

জুলাই হত্যাকাণ্ড, গুম-খুনের অভিযোগ এবং সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে। দেশের ভেতরে সহিংসতা ও নাশকতার অভিযোগের পাশাপাশি বিদেশের মাটিতে দলটির নেতাকর্মীদের একের পর এক হামলা-সন্ত্রাসে জড়ানোর পরিপ্রেক্ষিতে এ দাবি সামনে এসেছে। ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকেও ফ্যাসিবাদী দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধের কথা বলা হচ্ছে।

বিরোধী দলসহ জুলাইয়ের পক্ষের শক্তিগুলো থেকেও আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি উঠছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন দলটির বিরুদ্ধে চূড়ান্ত রায়ের আগেই বিদ্যমান আইনি কাঠামোর আওতায় নিষিদ্ধ করার পরামর্শ আসছে। প্রয়োজনে আইন সংস্কারের মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম চিরতরে বন্ধের উদ্যোগ নেওয়ার প্রস্তাবও সামনে এসেছে। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের বিষয়টি সুরাহা হবে।

এদিকে অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের আসল চরিত্র উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী

লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি। দলটির কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা প্রমাণ হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টসহ দেশে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সরাসরি জড়িত আওয়ামী লীগের লাগাম টানতে তাদের রাজনীতি থেকে পুরোপুরি দূরে রাখা দরকার। এই মুহূর্তে কাজটি করা সম্ভব হলে দেশে সহিংসতার সঙ্গে জড়িত দলটিকে বড় ধরনের চাপে ফেলা সম্ভব হবে। আইসিটি আইনে কিছুটা দীর্ঘসূত্রতা থাকায় ভিন্ন কোনো আইনের আওতায় এখনই পদক্ষেপ নেওয়া দরকার। না হলে দলটির সহিংসতা আরো বাড়তে পারে, যা দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এ দেশে আত্মগোপনে থাকা তার দলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ করে জনমতে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পাশাপাশি বিভিন্ন পেশাজীবীদের আন্দোলনে উসকানিসহ সরাসরি সম্পৃক্ত হয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখে। এছাড়া হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরির অপচেষ্টা চালায়। এরই পরিপ্রেক্ষিতে তৎকালীন অন্তর্বর্তী সরকার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে গত বছরের ১২ মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োজনীয় সংশোধনী আনা হয়। দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনও সংশোধন করা হয়। ইতোমধ্যে এক মামলায় সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের দলগত দায় তদন্তাধীন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের চোরাগোপ্তা হামলা অতিসম্প্রতি বহুগুণ বেড়েছে। হাসিনার কথিত দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে দলটির নেতারা বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, গাড়িসহ বিভিন্ন স্থাপনায় আগুনসহ নানা নাশকতা শুরু করেছে। এর সবশেষ উদাহরণ গোপালগঞ্জ। জেলার দুটি থানা জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি জেলাজুড়ে ত্রাস সৃষ্টি করেছে দলটির নেতাকর্মীরা। এই সহিংসতা আশপাশের জেলায়ও ছড়িয়ে পড়ে। এ সময়ে আওয়ামী লীগের হামলায় বিএনপির তিন নেতাসহ অন্তত চারজন নিহত হন। এছাড়া চলতি মাসে আওয়ামী সন্ত্রাসীরা নোবেলজয়ী আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের অন্তত ১০০ কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

দেশের ভেতরে সহিংসতা ছাড়াও বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। সম্প্রতি যুক্তরাজ্যে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সম্মানে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে এনসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী দুর্বৃত্তরা হামলা করে। ওই সময় দুদলের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর একাধিক ব্রিটিশ এমপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কেউ কেউ হামলার ভিডিও ছড়িয়ে প্রতিক্রিয়া জানান। সহিংসতায় জড়িত বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার প্রসঙ্গও ওঠে।

এর আগে আওয়ামী নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করে। দলটির নেতাদের হাতে ইতালিতে জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকায় থাকা বাংলাদেশি অভিনেত্রী তাজমেরী হক বাঁধন নাজেহাল হন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে দলটির রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বলা হচ্ছে, আওয়ামী লীগের জন্য বাংলাদেশের রাজনীতির দরজা পুরোপুরি বন্ধ করা গেলে দলটির নেতাকর্মীরা বড় ধাক্কা খাবে। বিশেষ করে হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণায় যারা ‘আশা দেখছে’, তারা আশাহত হবে।

গত মঙ্গলবার ফেসবুক পোস্টে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার অভিযোগে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানান। এর আগে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এনসিপি নেতারা আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার কথা বলেন। গত শনিবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রয়োজন হলে সরকার ও বিরোধী দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। দলটির সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করে, অন্তর্বর্তী সরকারের নেওয়া নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সঠিক ছিল।

জাতীয় সংসদে আইন পাস বা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে গত বুধবার রিট করা হয়েছে । কয়েকজন আহত জুলাইযোদ্ধার পক্ষে ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির রিটটি করেন।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশনপ্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার রাজধানীতে এক অনুষ্ঠানে সম্প্রতি বলেছেন, বিগত সরকারের (আওয়ামী লীগ) সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত এক সপ্তাহে যে সহিংসতা চালানো হয়েছে, তা কোনোভাবেই সমর্থন করতে পারে না ইইউ। ২০২৪ সালের সহিংসতার বিচার ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।

আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে এই কূটনীতিক বলেন, এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা তাদের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মনে করেন, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং জাতীয় নিরাপত্তার জন্য সৃষ্ট ঝুঁকি বিবেচনায় দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বাস্তবসম্মত আইনগত পথ রয়েছে। বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সাম্প্রতিক তৎপরতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এক্ষেত্রে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার ক্ষেত্রে কয়েকটি আইনগত পথ বিবেচনা করা যেতে পারে। এর মধ্যে রয়েছেÑবিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দলটির সাংগঠনিক ভূমিকার বিচার।

সংবিধান সংশোধন না করেও আইন প্রণয়নের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যবস্থা করার সুযোগ রয়েছে জানিয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, স্থায়ী নিষেধাজ্ঞার আগে দলটির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, প্রমাণ এবং আইনগত ভিত্তি নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত ও বিচার চলাকালে প্রয়োজনে অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। চূড়ান্ত বিচারে অপরাধ প্রমাণ হলে তখন স্থায়ীভাবে নিষিদ্ধ করা যাবে।

গণহত্যাকারী ফ্যাসিস্ট গোষ্ঠী বিতাড়িত হলে রাজনীতির সুযোগ পায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার বলেন, জার্মানির নাৎসি বাহিনী কোনোদিন রাজনীতি করতে পারেনি। বিতাড়িত হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট মাফিয়া গোষ্ঠীও বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারবে না।

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবির বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত চলছে। তদন্ত সম্ভবত শেষপর্যায়ে। তদন্ত শেষে চার্জশিট হবে। তারপর আদালতে বিচার হবে। মানববতাবিরোধী অপরাধে ব্যক্তির মতো দলেরও শাস্তির বিধান রয়েছে। এক্ষেত্রে আদালত বিবেচনা করলে স্থায়ীভাবে রাজনীতি নিষিদ্ধ করতে পারে। আবার কিছুদিনের জন্য রাজনীতি নিষিদ্ধ করতে পারে। দলের যে সম্পদ রয়েছে, তা বাজেয়াপ্ত করতে পারে। বিষয়টি আদালত যেভাবে বিবেচনা করবে, সেভাবেই হবে।

গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে। ট্রাইব্যুনালের রায়ে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দলটির বিরুদ্ধে তদন্তের কাজ এগিয়ে চলছে। তবে তদন্ত শেষ হতে কত দিন সময় লাগবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজল আমার দেশকে বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, সেটা দলীয় পরিচয়েই সংঘটিত হচ্ছে। এ হিসেবে দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি সামনে আসছে। নিষিদ্ধ হলে হয়তো একটি ভিন্ন দৃশ্যপট দেখা যেতে পারে।

রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তিনটি বিকল্প হতে পারে উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, আদালতের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সেটা বিচারিক আদালত হতে পারে কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হতে পারে। আবার রাজনৈতিক কর্তৃপক্ষ (সরকার ও বিরোধী দলসহ অপরাপর রাজনৈতিক দল) এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে দেশের জনগণÑবর্তমান ক্ষমতাসীন দলের এক শীর্ষ নেতার আগের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে অধ্যাপক তারেক ফজল বলেন, জনগণের সিদ্ধান্তের একমাত্র উপায় হচ্ছে গণভোট। দেশের জনগণ নিষিদ্ধ চায় কি নাÑএমন প্রশ্নে গণভোটের আয়োজন করলে জনগণের রায়েই সিদ্ধান্ত চলে আসবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক সাহাবুল হক বলেন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি নতুন নয়। চব্বিশের গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকার ক্ষমতাচ্যুত হলে দেশজুড়ে এ দাবি ওঠে। তখন কিছু রাজনৈতিক শক্তি এর বিপক্ষে অবস্থান নেয়। ফলে বিষয়টি চাপা পড়ে। তবে পরে সরকারের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনের অধীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক নাশকতা করলে বিষয়টি আবার আলোচনায় আসে এবং দাবিটি জোরালো হয়।

স্থায়ীভাবে কোনো দলকে নিষিদ্ধ করা কখনো ভালো ফল দেয় না মন্তব্য করে তিনি বলেন, এটি রাজনৈতিক সংস্কৃতির ভেতরে পড়ে না। কিন্তু দলটি যখন অরাজনৈতিক ও সন্ত্রাসী কাজে জড়ায় কিংবা দেশবিরোধী কাজে যুক্ত থাকে, তখন সরকার তা নিষিদ্ধ না করলে সরকারের জন্যই হুমকির কারণ হয়ে দাঁড়ায়।

বেশি ক্ষতিপূরণের আশায় ভবন নির্মাণের হিড়িক ফসলি জমিতে

চট্টগ্রামে ছাত্রলীগের অস্ত্রভান্ডার অক্ষত, সহিংসতার শঙ্কা

মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের

শৌখিন ক্রেতার ভাটা, ভিড় নিত্যপণ্যের স্টলে

শীর্ষ ২০ খেলাপি থেকে ঋণ আদায় লক্ষ্যমাত্রার মাত্র ১৭%

কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

প্রশ্নের মুখে পরীক্ষার খাতা মূল্যায়নের মান

ভারতে মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

আকামা সংকট পুঁজি করে সৌদিতে প্রতারণার ফাঁদ