হোম > আমার দেশ স্পেশাল

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, প্রয়োজন অনুদান

গাজী শাহনেওয়াজ, আনতালিয়া (তুরস্ক) থেকে

আমার দেশ গ্রাফিক্স

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরো ঋণের প্রয়োজন নেই, প্রয়োজন অনুদান। কারণ ঋণের বোঝা এসব দেশের অর্থনৈতিক সংকট আরো বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর উচ্চ পর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ

চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ কর প্রণোদনার সহায়তায় চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগকেও উৎসাহিত করা হচ্ছে।

সবুজ শিল্পায়নের অংশ হিসেবে দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা, বিশেষ করে বৈদ্যুতিক যানবাহনের প্রসার এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এছাড়া কার্বন বাণিজ্যের জন্য একটি জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে বলে জানান।

পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, পরিবেশ রক্ষায় পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এর উদ্দেশ্য জল ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা। এছাড়া উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা যায়।

জলবায়ু অর্থায়নে পাঁচ প্রস্তাব

জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় বোঝা তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরো কঠিন করে তুলছে।

সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার প্রস্তাবগুলো হলো—

প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করতে হবে। একই সঙ্গে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট ফর ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করতে হবে।

পঞ্চমত, কপ৩১ সম্মেলনে একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে।

প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

কপ৩১ সম্মেলনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগও জোরদার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠক করেন তিনি। তুরস্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন।

বৈঠকে তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল এবং বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। কপ৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান। এ লক্ষ্যে দেশটির কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।

যুক্তরাজ্যের সহযোগিতাও চাইলেন

কপ৩১ সম্মেলনের সাইডলাইনে গতকাল যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরো সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগের ওপরও প্রভাব ফেলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরো এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জুট প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী

কপ৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। গতকাল তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি প্যাভিলিয়নে যান। এ সময় সেখানে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন তিনি।

প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

পরিদর্শনকালে প্যাভিলিয়নে উপস্থিত যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে তাদের আগ্রহের কথা জানতে চান। শিক্ষার্থীরা জানান, তারা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরো জানতে এবং এ বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে পৃথিবীর পরিবেশ রক্ষা করা যায় এবং মানুষ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে।

প্রধানমন্ত্রীপ্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, বিভিন্ন ছোট সামগ্রী, জুতা ও ব্লেজারসহ ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনাময়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। তাদের অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। গতকাল আনতালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদাকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে আন্তরিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়। মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। ডা. জুবাইদা অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

কপ৩১ সম্মেলন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা বর্তমানে তুরস্কের আনতালিয়ায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সফরে তুরস্কে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা।

ফ্যাসিস্টদের টার্গেট গ্রামীণ ব্যাংক ও জুলাইযোদ্ধা

সংশোধিত এডিপিতে পাঁচ অগ্রাধিকার

জ্বালানির মূল্যবৃদ্ধির জাঁতাকলে জনজীবন

উচ্চ মূল্যস্ফীতি ও নিম্ন প্রবৃদ্ধির ফাঁদে অর্থনীতি

শেবাচিমে মেঝে-বারান্দায়ও রোগী, স্বাস্থ্যকর্মী অপ্রতুল

কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত সময় প্রধানমন্ত্রীর

ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার

বিসিএম অর্থনৈতিক করিডর তিন দেশের রাজনৈতিক সিদ্ধান্ত

৫০০ শয্যার হাসপাতালে চারগুণ রোগী, ভোগান্তি