হোম > আমার দেশ স্পেশাল > বিশেষ প্রতিবেদন

বাহরাইনে ইসরাইলি দূতাবাসে হামলা

দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

মাসুম বিল্লাহ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট প্রায় সব স্থানে হামলা অব্যাহত রেখেছে ইরান। পাশাপাশি ইসরাইলেও নিয়মিত হামলা চালানো হচ্ছে। সর্বোচ্চ নেতাকে হারানোর পর থেকে দেশটির হামলা বন্ধ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরান দীর্ঘ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খবর আলজাজিরা ও বিবিসির।

বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়িনি বলেছেন, ইরান একটি দীর্ঘমেয়াদি যুদ্ধ মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেছেন, সংঘাতে এখনো ব্যবহার করা হয়নি এমন উন্নত অস্ত্র শিগগিরই সামনে আনা হবে।

এ অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্রের হামলা মারাত্মকভাবে বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, যত সময় লাগুক—ইরানে তিনি তার লক্ষ্য পূরণ করতে চান।

ইসরাইলে টানা হামলা ইরানের

ইরান ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে তাদের দিকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে। এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ঘোষণা দেওয়ার পর শুক্রবার তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে আইআরজিসি জানায়, শুক্রবার ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হয়েছে। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়, দেশটির প্রধান, সবচেয়ে বড় ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ফারস নিউজের খবরে বলা হয়, বাহরাইনের রাজধানী মানামার ইসরাইলি দূতাবাসেও হামলা চালিয়েছে ইরান। গত বৃহস্পতিবার রাতে মানামার ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস’ নামের বাণিজ্যিক কমপ্লেক্স লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ওই ভবনে ইসরাইলি দূতাবাস অবস্থিত।

পাশাপাশি ইসরাইলের হামলা ঠেকাচ্ছে ইরান। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, লোরেস্তান প্রদেশের আকাশে একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া তেহরানের আশপাশে আরেকটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে।

ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষের ফলে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রণালয় তার টেলিগ্রাম বিবৃতিতে জানিয়েছে যে, অভিযান শুরু হওয়ার পর থেকে ৬ মার্চ পর্যন্ত মোট আহতের সংখ্যা এক হাজার ৬১৯ জন।

ইসরাইলের পাল্টা হামলা অব্যাহত

যুদ্ধের ষষ্ঠ দিনে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তাদের বিমানবাহিনী বৃহস্পতিবার রাতভর হামলা চালিয়ে ৬টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলি ভূখণ্ডের দিকে ছোড়ার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে। এছাড়া তারা ইরানের তিনটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা লক্ষ্য করে প্রতি ঘণ্টায় হামলা করছে। তাদের কোনো বিমানবাহিনী নেই, তাদের কোনো আকাশ প্রতিরক্ষা নেই। তাদের সব বিমান ধ্বংস হয়ে গেছে, তাদের যোগাযোগ ব্যবস্থা অকার্যকর। এগুলো ছাড়া তারা ভালোই করছে।

এদিকে মার্কিন সামরিক তদন্তকারীরা মনে করছেন, ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরে মেয়েদের স্কুলে চালানো হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্রের বাহিনী দায়ী। ওই হামলায় ১৬৫ জন শিশু নিহত হয়েছে বলে জানা গেছে।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত শনিবার শুরু হওয়া ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এ পর্যন্ত দেশটিতে অন্তত ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন। এছাড়া যৌথ হামলায় ইরানে ৩ হাজার ৯০টি বাড়িঘরসহ মোট ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি ছাড়াও ৫২৮টি বাণিজ্যিক ও সেবা কেন্দ্র, ১৪টি চিকিৎসা কেন্দ্র বা ওষুধ কারখানা এবং রেড ক্রিসেন্টের ৯টি স্থাপনা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর বেশিরভাগই ছিল ‘ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা’।

যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে মোকাবিলায় প্রস্তুত ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানে যদি কোনো স্থল অভিযান চালানো হয়, তবে মার্কিন সেনাদের মোকাবিলা করতে তেহরান প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান কোনো যুদ্ধবিরতির অনুরোধও জানাচ্ছে না।

তবে ইরানে মার্কিন সেনা পাঠাবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘নাটকীয়ভাবে বেড়ে যাবে’

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের বিষয়ে এক ব্রিফিং করেন। হেগসেথ বলেন, ইরানের ওপর যে পরিমাণ গোলাবারুদ ফেলা হচ্ছে, তা নাটকীয়ভাবে বাড়তে চলেছে। যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার যুক্তরাজ্যের সিদ্ধান্ত ওয়াশিংটনের হামলা জোরদার করতে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, গত ৭২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের বোমারু বাহিনী ইরানের প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ পর্যায়ে যুক্তরাষ্ট্র ৩০টিরও বেশি ইরানি জাহাজ ডুবিয়েছে।

শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি নয় : ট্রাম্প

শুক্রবার সামাজিক যোগোযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে আর কোনো চুক্তি হবে না।

ওই পোস্টে ট্রাম্প আরো লিখেছেন, এর পরে, একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হবে। আমরা এবং আমাদের অনেক অসাধারণ এবং অত্যন্ত সাহসী মিত্র এবং অংশীদাররা, ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব, এটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়েও বড়, উন্নত এবং শক্তিশালী করে তুলব। ইরানের ভবিষ্যৎ দুর্দান্ত হবে। ইরানকে আবার মহান করে তুলুন।

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সৌদি আরবের

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির অভ্যন্তরে রাতভর পরিচালিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তারা প্রতিহত করেছে।

এক্সে প্রকাশিত একাধিক আপডেটে মন্ত্রণালয় বলেছে, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ শহরের কাছে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘আটকানো ও ধ্বংস’ করা হয়েছে। রাজধানীর আশপাশে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

জর্ডানের ইরবিদ শহরে বেশ কয়েকটি ড্রোন ছোড়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। তারা বলছে, শিগগিরই আরো হামলা চালানো হবে।

১৫০ ডলার হতে পারে তেলের দাম

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি সতর্ক করে বলেছেন যে, মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে নতুন জ্বালানি সংকট দেখা দিতে পারে। প্রতি ব্যারেল তেলের দাম ১৫০ ডলারেরও বেশি হতে পারে। তেলের এই দাম বৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে পতনের দিকে ঠেলে দেবে।

এই সতর্কতা দেওয়ার পরই জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। শুক্রবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৯৪ ডলারে। আর ডব্লিউটিআই ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি বেড়ে হয়েছে প্রায় ৯২ ডলার।

ইরানে ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম চালুর ঘোষণা

মার্কিন-ইসরাইলি হামলার মুখে থাকা ইরান জানিয়েছে, তারা ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম ফের চালু করবে। ঘোষণা অনুযায়ী, তেহরান প্রদেশের সব মন্ত্রণালয়, সংস্থা ও নির্বাহী দপ্তরে রোববার থেকে ২০ শতাংশ কর্মী সরাসরি কর্মস্থলে থেকে কাজ করবেন। প্রদেশের সব নারী কর্মী ভার্চুয়ালি কাজ করবেন। কিছু ব্যাংক খোলা থাকবে। সেবা প্রদানকারী সংস্থার অপারেশনাল ইউনিট, পৌরসভা, চিকিৎসা কেন্দ্র এবং সামরিক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

তেহরান প্রদেশের ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাদের বাসা থেকে কাজের সুযোগ থাকবে না; তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

খামেনির বাঙ্কার ধ্বংসে অংশ নেয় ৫০ যুদ্ধবিমান: আইডিএফ

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসের অভিযানে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল।

সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাইয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বিমান বাহিনীর প্রায় ৫০টি যুদ্ধবিমান বাঙ্কারে অভিযান চালায়, যা খুবই সুরক্ষিত জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল। যেখান থেকে ইরানের সর্বোচ্চ নেতা যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করতেন। খামেনিকে হত্যার পরও, ইরানি শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমপ্লেক্সটি ব্যবহার অব্যাহত রেখেছিলেন। এই ভূগর্ভস্থ বাঙ্কারটি তেহরানের কেন্দ্রস্থলে একটি পুরো সড়ক জুড়ে বিস্তৃত ছিল এবং এখানে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের জন্য নির্ধারিত কক্ষ ছিল যা অনেক প্রবেশপথ দ্বারা যুক্ত।

ইরানের সঙ্গে যুদ্ধ অসাধারণ ভুল : স্পেনের প্রধানমন্ত্রী

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানের সঙ্গে মার্কিন-ইসরাইলের যুদ্ধকে ‘একটি অসাধারণ ভুল’ বলে অভিহিত করেছেন। এই সংঘাতকে স্পষ্টতই ‘আন্তর্জাতিকভাবে বৈধ নয়’ বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি আরো বলেন, মিত্র দেশগুলোর মধ্যে, যখন কেউ সঠিক তখন সাহায্য করা এবং যখন কেউ ভুল বা ভুল করছে তখন সেটি তুলে ধরা উচিত।

ইরানি আরেকটি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জানিয়েছেন, আইআরআইএস বুশেহর নামের একটি ইরানি জাহাজ কলম্বো বন্দরের কাছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় নোঙর করা রয়েছে। জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে এবং জাহাজের ২০৮ জন ক্রুকে উদ্ধার করে তীরে আনা হয়েছে।

লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে ইসরাইলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। সোমবার থেকে ইসরাইল সেখানে হামলা শুরু করে। এছাড়া আহত হয়েছেন আরো ৮০০ জন।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলি নাগরিকদের সতর্ক করে বলেছে যে, তাদের উত্তরের সীমান্ত থেকে ৫ কিলোমিটারের মধ্যে থাকা শহরগুলো থেকে সরে যেতে হবে।

নতুন নামে ফেনসিডিল ঢোকাচ্ছে ভারতীয় মাদক কারবারিরা

ছুটির দিনে ক্রেতামুখর মার্কেট, শপিংমল

জ্বালানি তেল সংকটের আতঙ্কে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন

ইরান ধ্বংসের পর ট্রাম্পের নিশানায় কিউবা

স্পিকার পদে আলোচনায় মঈন খান, ডেপুটিতে পার্থ

আশঙ্কাজনক হারে বাড়ছে নারী নির্যাতন

ড. ইউনূসের বিদায়ে স্বস্তিতে দিল্লি

আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকায় সরব জামায়াতের এমপিরা

প্রথম অধিবেশনই উত্তপ্ত হচ্ছে